ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঞ্চয়পত্রে বিনিয়োগে সুদের হার কমিয়ে 'যৌক্তিক পর্যায়ে' নামিয়ে আনতে চায় সরকার।
এছাড়া সঞ্চয়পত্রে বিনিয়োগ সময়সীমা এবং সঞ্চয়পত্রের সংখ্যাসহ বিভিন্ন বিষয়েও পরিবর্তন আনার ইচ্ছে রয়েছে সরকারের।
এসব বিষয়ে আলোচনার জন্য বুধবার অর্থ মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক হয়। এতে আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় পরামর্শ জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, "সব ধরনের সঞ্চয়পত্রেই সুদের হার অনেক বেশি। এটাকে র্যাশনালাইজ করা দরকার।"
সঞ্চয়পত্রে বিনিয়োগের সম্ভাব্য সংশোধিত সুদ হার জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "সুদের হার ইনফ্লেশন (মুদ্রাস্ফীতি) থেকে এক শতাংশ বেশি হতে পারে।"
বছর শেষে মুদ্রাস্ফীতির হার সাড়ে ছয় শতাংশ হবে বলেও জানান তিনি। এর অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগে সুদের হার সর্বোচ্চ সাড়ে ৭ শতাংশ হতে পারে।
বর্তমানে আট ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে প্রকারভেদে সাড়ে ছয় শতাংশ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়।
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে আমানতের ওপর সুদের হার ৬ দশমিক ৫ থেকে ৮ দশমিক ৫ এর মধ্যে। সঞ্চয়পত্রে বিনিয়োগে সুদের হার বেশি হওয়ায় অনেকেই এদিকে ঝুঁকছেন।
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ গত অর্থবছরের মোট বিনিয়োগ ছাড়িয়ে গেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০৮-০৯ অর্থবছরে সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ছিল ৩ হাজার ৬৩৩ কোটি ৩২ লাখ টাকা। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বরে বিনিয়োগ হয়েছে ৪ হাজার ৪৬৩ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, "অসংখ্য ধরণের সঞ্চয়পত্র রয়েছে। এত সঞ্চয়পত্রের প্রয়োজন নেই। আবার কোনো কোনো সঞ্চয়পত্র আয়করমুক্ত।"
"বিভিন্ন মেয়াদের সঞ্চয়পত্রেরও প্রয়োজন নেই। সর্বোচ্চ দুই মেয়াদের সঞ্চয়পত্র থাকতে পারে।"
মুহিত জানান, কমিটি সব সেভিংস ইনস্ট্রুমেন্ট বিবেচনা করে তাদের উপদেশ দেবে।
সঞ্চয়পত্রে সুদের হার কমানোর ব্যাপারে আপত্তি করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জামান আহমদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সঞ্চয়পত্রে বেশিরভাগ বিনিয়োগই করে সাধারণ মানুষ বিশেষ অবসরপ্রাপ্তরা। তাই এতে সুদের বর্তমান হার রেখে দেওয়াই ভালো হবে। তবে যদি কমাতেই হয় বড়জোর এক শতাংশ কমানো যেতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএইচএন/এসকে/২১০৪ঘ.
bdnews24