ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ মন্ত্রণালয়ের অধীনে 'ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিভিশন' বা 'ব্যাংকিং ও অর্থনৈতিক প্রতিষ্ঠান বিভাগ' নামে আরেকটি নতুন বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত মাসে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং শাখাকে নতুন বিভাগ করার একটি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়।
নতুন এ বিভাগ চালু হওয়ার মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অধীনে তিনটি বিভাগ সৃষ্টি হলো। অন্য দুটি বিভাগ হচ্ছে- অর্থ বিভাগ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
গত মাসে আরো দু'টি মন্ত্রণালয়ের অধীনে দুটি করে চারটি নতুন বিভাগ সৃষ্টি করা হয়। তবে নতুন এ চার বিভাগ এখনো পৃথকভাবে প্রশাসনিক কার্যক্রম শুরু করতে পারেনি।
গত ২৩ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের অধীনে আইন ও বিচার বিভাগ (ল অ্যান্ড লেজিস্লেটিভ ডিভিশন) এবং খসড়া প্রণয়ন বিভাগ (ড্রাফটিং ডিভিশন) গঠন করা হয়। এর আগে ডিসেম্বর মাসের প্রথম দিকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে খাদ্য বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হয়।
এ নিয়ে প্রশাসনে মোট মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা দাঁড়ালো ৫০টি।
এছাড়া প্রশাসনের বিভিন্ন স্তরে সচিব পর্যায়ের আরো ২৪টি পদ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/২০০৭ ঘ.
bdnews24