২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কাছে ২৩২টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা চাওয়া হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তৈরি পোশাকসহ ২৩২টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা চাইবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 07:03 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তৈরি পোশাকসহ ২৩২টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা চাইবে বাংলাদেশ। ভারত বাংলাদেশকে এ সুবিধা দিতে সম্মত হলে দুটি দেশের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি অনেক কমে আসবে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র (এমসিসিআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী এসময় জানান, ভারতে বাংলাদেশের ৪৬০টি পণ্য বর্তমানে কালো তালিকাভুক্ত রয়েছে। এমসিসিআই'র নবনির্বাচিত সভাপতি এম আনিস উদ দৌলা, সাবেক সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী, মহাসচিব ফারুক আহমেদ, সদস্য সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সৈয়দ তারেক মো. আলী ও অঞ্জন চৌধুরীসহ ১৫ সদস্যের প্রতিনিধি দলটি মন্ত্রীর সঙ্গে প্রায় পৌনে তিন ঘন্টা বৈঠক করেন। বৈঠকে এমসিসিআই'র নবনির্বাচিত নেতারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য এবং টিসিবিকে শক্তিশালী করাসহ বিভিন্ন বিষয়ে ১১টি সুপারিশ করেন। সভার পর বাণিজ্য মন্ত্রী ফারুক খান সরকারের এক বছরের কর্মকাণ্ডকে সফল হিসেবে দাবি করে বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক বাজার সৃষ্টি এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশের ক্ষেত্রে সরকারের অনেক সাফল্য রয়েছে। তিনি বলেন, ডাল,পেঁয়াজ ও আলু ছাড়া দেশে বর্তমানে কোন জিনিসের দামই বেশি নেই। তবে মানুষের ক্রয়ক্ষমতা তেমন বাড়েনি। তাই এ মূল্য আরো কমলে ভাল হবে। এজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই দাম কমে যাবে। প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের প্রত্যাশা সম্পর্কে বাণিজ্য মন্ত্রী বলেন, "সরকার চায় বাংলাদেশী পণ্যের ভারতে অবাধ প্রবেশাধিকারের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। ভারতে বর্তমানে বাংলাদেশের ৪৬০টি পণ্য কালো তালিকায় রয়েছে। এর মধ্যে তৈরি পোশাকসহ ২৩২টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাইবে বাংলাদেশ। " আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের 'সাফল্যের' কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গত অর্থ বছরে বাংলাদেশ এক লাখ ১০ হাজার কোটি টাকা রপ্তানী লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এ বছর এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৫ হাজার কোটি টাকা। মন্ত্রী জানান, নতুন অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রা তেমন অর্জন করা সম্ভব হয়নি। তবে অক্টোবর ও নভেম্বরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৮ থেকে ২০ শতাংশ বেশি অর্জিত হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বছর শেষে পুরো রপ্তানী লক্ষ্যমাত্রাই অর্জন করা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২৩৫৫ঘ.