২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রানীতি নিয়ে অর্থনীতিবিদদের পরামর্শ নিলো কেন্দ্রীয় ব্যাংক

আগামী ১৯ জানুয়ারি নতুন মুদ্রানীতি ঘোষণার আগে প্রথমবারের মতো অর্থনীতিবিদদের পরামর্শ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 06:17 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৯ জানুয়ারি নতুন মুদ্রানীতি ঘোষণার আগে প্রথমবারের মতো অর্থনীতিবিদদের পরামর্শ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জানুয়ারি-জুন মেয়াদের জন্য এই মুদ্রানীতি কেমন হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে সে বিষয়ে পরামর্শ নিতে মঙ্গলবার রাতে গুলশানের একটি হোটেলে সাবেক অর্থমন্ত্রী, সাবেক গভর্নর ও অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বৈঠকের পর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগে কখনোই এ ধরনের বৈঠক হয়নি। তারা যেসব পরামর্শ দিয়েছেন সেসব বিষয় নতুন মুদ্রানীতিতে অবশ্যই প্রতিফলিত হবে।" গভর্নর জানান, নতুন মুদ্রানীতির প্রধান লক্ষ্য হবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা ও কৃষির পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) আরও বিকাশে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া। এসব বিষয়ে সাবেক অর্থমন্ত্রী, সাবেক গভর্নর ও অর্থনীতিবিদরা বৈঠকে পরামর্শ দিয়েছেন জানিয়ে আতিউর বলেন, এগুলো নতুন মুদ্রানীতিতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বৈঠকে সাবেক অর্থ উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, এবি মির্জা আজিজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহম্মেদ, সাবেক গভর্নর সালেহউদ্দিন আহম্মেদ, সাবেক ডেপুটি গভর্নর ও গভর্নরের পরামর্শক আল্লাহ মালিক কাজেমী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ও বেসরকারি সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা হাবীবুল্লাহ বাহার এবং তিন ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দীকি ও মুর্শিদ কুলি খান উপস্থিত ছিলেন। এর আগে নতুন মুদ্রানীতি নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্সের (এমসিসিআই) পরামর্শ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এএনএস/এসকে/২৩৫৫ঘ.