২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে'

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে অর্থনীতির সকল সূচকে ইতিবাচক পরিবর্তন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 05:50 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে অর্থনীতির সকল সূচকে ইতিবাচক পরিবর্তন হয়েছে। তিনি রোববার বিকালে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় চট্টগ্রামের আঞ্চলিক মহাব্যবস্থাপক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আতিউর বলেন, এসব ইতিবাচক পরিবর্তনের মধ্যে রয়েছে মূলধনী যন্ত্রপাতি আমদানি বৃদ্ধি, দেশী-বিদেশী বিনিয়োগ বৃদ্ধি। এ ছাড়া রেমিট্যান্স আয়, শিল্পঋণ বিতরণ এবং আদায়ের হারও আগের সময়ের চেয়ে বেড়েছে। বৃহত্তর চট্টগ্রামে পর্যটন শিল্পের বিকাশের প্রভূত সম্ভাবনার কথা উল্লেখ করে এ শিল্পের অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর প্রতি তিনি আহবান জানান। গভর্নর মনে করেন, চট্টগ্রামে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিশেষ করে মসলা, মাশরুম, তাঁতশিল্প, বায়োগ্যাস প্ল্যান্ট এরকম পৃথক খাতে একেকটি ব্যাংক বিনিয়োগ করলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে বিপ্লব ঘটবে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে কৃষক ও ছোট উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নজর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ৩৭ শতাংশ কৃষি ঋণ বিতরণ হয়েছে। তবে চট্টগ্রামে বিতরণের হার ৩৪ শতাংশ। সীতাকুন্ডে গাছ কেটে জাহাজভাঙ্গা ইয়ার্ড প্রতিষ্ঠায় ব্যাংকগুলো বিনিয়োগে বেশি আগ্রহ দেখাচ্ছে - সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, বর্তমানের উন্নয়ন করতে গিয়ে ভবিষ্যত প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করতে পারি না। এখন সবুজ শিল্পে বিনিয়োগকে আমরা প্রাধান্য দেব বেশি। এজন্য ব্যাংকগুলোকে পরিবেশ সহায়ক শিল্পে অর্থায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩৪২ ঘ.