বান্দরবান, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুরনো চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে এসে ব্যাংকগুলোকে মানুষের কল্যাণে করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান।
তিনি বলেন, "ব্যাংক হলো মানুষের কল্যাণের জন্য। বিগত সময়ে এ লক্ষ্যটি সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। তবে আগে কি হয়েছে তা ভেবে সময় ক্ষেপণ না করে মানুষের কল্যাণের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে।"
শনিবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় ব্যাংক ও বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তাদের সঙ্গে কৃষি ঋণ বিতরণ বিষয়ে এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় ব্যাংক প্রধান এ কথা বলেন।
তিনি বলেন, "মানুষ ব্যাংকে আসতে ভয় পায়, এটা ভাবতে গেলেই আমাদের লজ্জা হয়। ব্যাংক হচ্ছে মানুষের দুঃসময়ের বন্ধু, উন্নয়নের সহায়তাকারী এবং সাধারণ মানুষের সবচেয়ে নিরাপদ স্থান।"
ব্যাংকগুলোকে নিষ্ঠা, আন্তরিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান আতিউর।
স্থানীয় প্রশাসন ও এনজিওর সঙ্গে সমন্বয় করে ব্যাংকগুলো এলাকায় কাজ করলে, বিশেষ করে ঋণের ব্যবস্থা করলে দেশের কাক্সিক্ষত উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বান্দরবানে আদা, হলুদ, মসলা জাতীয় ফসল উৎপাদন, কুটির শিল্প ও নারী উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেন কেন্দ্রীয় ব্যাংক প্রধান।
বান্দরবানের জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক নওশেদ আলী।
এছাড়া সোনালী, জনতা, রপালী, পূবালী, কৃষি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও এনজিও কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
পরে আতিউর রহমান বান্দরবান শহরের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় কৃষকদের মাঝে কৃষি ব্যাংকের মাধ্যমে সরাসরি ঋণ বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৪ ঘ.
bdnews24