ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রভাব থেকে বেরুনোর সহজ উপায় বের করতে বাংলাদেশ ও নেপালের প্রতিনিধি অন্তর্ভূক্ত করতে উন্নত দেশগুলোকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
তিনি বলেছেন, "বিশ্বমন্দার প্রভাব মোকাবিলার জন্য কৌশল ঠিক করতে উন্নত দেশগুলো চীনের প্রতিনিধি রেখেছেন। কিন্তু এবারের মন্দা সবচেয়ে ভালোভাবে মোকাবিলা করেছে বাংলাদেশ ও নেপাল। এ কারণে এ দুই দেশের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হলে মন্দা মোকাবিলা করা সহজ হবে।"
বুধবার সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম শহর লিমাসলে কমনওয়েল্থ সেন্টার ব্যাংক গভর্নরস বৈঠকে লিখিত বক্তব্যে আতিউর রহমান এ আহ্বান জানিয়েছেন বলে সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান।
৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর লিমাসলে কমনওয়েল্থ ফাইন্যান্স মিনিস্টারস কনফারেন্স হচ্ছে। ওই কনফারেন্সের এক অধিবেশনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের এক বৈঠক হয়। সেখানেই গভর্নর এ আহ্বান জানান।
আতিউর রহমান বলেন, "আমি আমার বক্তব্যে বলেছি, যে সব দেশ মন্দা পরিস্থিতি বেশ ভালোভাবে মোকাবিলা করছে, তাদের মন্দা মোকাবিলায় কৌশল ঠিক করতে অন্তর্ভুক্ত করতে হবে। এখন পর্যন্ত বাংলাদেশ ও নেপাল মন্দা পরিস্থিতি সবচেয়ে ভালোভাবে মোকাবলা করেছে। কিন্তু উন্নত দেশগুলো মন্দা মোকাবিলায় কৌশল নির্ধারণের জন্য চীনের প্রতিনিধি অন্তর্ভূক্ত করলেও বাংলাদেশ ও নেপালের কোনো প্রতিনিধি রাখেনি।"
"আমি তাদের বাংলাদেশ ও নেপালের প্রতিনিধি রাখার আনুরোধ জানিয়েছি।" জানান আতিউর রহমান।
তিনি বলেন, "আমি আমার বক্তব্যে আরও বলেছি, বিশ্বমন্দা সম্পর্কে পর্যাপ্ত তথ্য-উপাত্ত পাওয়া যায় না। এ কারণে হিসাবে অনেক গড়মিল হয়। সঙ্গতকারণেই অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। মন্দা সংক্রান্ত তথ্য-উপাত্ত যাতে সহজেই পাওয়া যায় সে বিষয়ের প্রতি আমি গুরুত্বারোপ করেছি।"
সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের 'ক্যাপাসিটি বিল্ডিং'-এর ওপরও গুরুত্বারোপ করেছেন বলে জানান গভর্নর।
আতিউর রহমান জানান, কমনওয়েল্থ সেন্টার ব্যাংক গভর্নরস বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনির্ভাসির অধ্যাপক স্ট্রিফেন গ্রিফথ জনস।
আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজ ইউনির্ভাসিটির অধ্যাপক কেরন আলেকজান্ডার।
সভায় কমনওয়েলথভুক্ত সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা বক্তব্য রাখেন বলে জানান আতিউর রহমান।
কমনওয়েল্থ ফাইন্যান্স মিনিস্টারস কনফারেন্স ও বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে ১২ দিনের সফরে ২৮ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সাইপ্রাস ও তুরস্কে গেছে।
সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম শহর লিমাসলে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর হবে কমনওয়েল্থ ফাইন্যান্স মিনিস্টারস কনফারেন্স।
চার দিনের এ সম্মেলনের পর তুরস্কের ইস্তামবুলে ৬ ও ৭ অক্টোবর হবে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সাধারণ সভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/২৩১০ ঘ.
bdnews24