ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবারের মতো এবারও ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। পুরো অক্টোবর মাস জুড়েই তা জমা দেওয়া যাবে।
তবে ৩১ অক্টোবর (শনিবার) সরকারি ছুটি থাকায় পরের দিন ১ নভেম্বর রোববারও আয়কর বিবরণী জরিমানা ছাড়াই জমা নেওয়া হবে।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রমজান মাস, ঈদ ও পূজায় সেপ্টেম্বর মাসে বেশ কয়েকদিন দেশের সব কর কার্যালয় ও ব্যাংকে ছুটি থাকায় প্রত্যাশিত আয়কর বিবরণী জমা না পড়ায় করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে সময়সীমা বাড়ানো হয়েছে বলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।
আয়কর আদেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাস জুড়ে ব্যক্তি শ্রেণীর করদাতারা বিবরণী জমা দিতে পারেন।
তবে প্রতিবারই সেপ্টেম্বর মাসের একেবারে শেষ সময়ে ওই সময়সীমা বাড়ানো হয়। এবারও এক মাস বাড়ানো হলো।
গত বছর এ সময়সীমা দুই দফায় দুই মাস বাড়ানো হয়েছিল।
ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন সংগঠন এবারও সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিল।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) মোট সংখ্যা ২২ লাখের বেশি। এর মধ্যে ৭ লাখ কর দিয়ে থাকেন।
গত অর্থবছরে আয়কর খাতে ১৩ হাজার ৮১২ কোটি ১৬ লাখ টাকা আদায় হয়।
বর্তমান সরকার তার মেয়াদে এ অঙ্ক ২০ হাজার কোটি টাকায় উন্নীত করতে চায়।
সে লক্ষ্যেই সরকার কর্মপরিকল্পনা নির্ধারণ করছে বলে গত ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত আয়কর বিবরণী জমার সময় ৩০ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও এ মাসে রমজান, ঈদ ও দুর্গাপূজা হওয়ায় বিভিন্ন মহল ও সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
তবে ৩১ অক্টোবর সরকারি ছুটি থাকায় (শনিবার) ১ নভেম্বর জমা দেওয়া বিবরণীও নির্ধারিত সময়ের মধ্যে দাখিল বলে গণ্য হবে।
এ বর্ধিত সময়সীমা ব্যক্তি শ্রেণীর সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর বিবরণী দাখিলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯০০ ঘ.
bdnews24