আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রভাব থেকে বেরুনোর সহজ উপায় বের করতে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভনর্ররা সাইপ্রাস ও ইস্তামবুলে গুরুত্বপূর্ণ দুটি সম্মেলনে মিলিত হচ্ছেন।
সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম শহর লিমাসলে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর হবে কমনওয়েল্থ ফাইন্যান্স মিনিস্টারস কনফারেন্স।
চার দিনের এ সম্মেলনের পর ইস্তামবুলে ৬ ও ৭ অক্টোবর হবে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সাধারণ সভা।
২০০৭ সালের শেষের দিক থেকে বিশ্বমন্দা দেখা দেওয়ার পর এ দু'টিই হবে এ বিষয়ে সবচেয়ে বড় সম্মেলন।
এতে যোগ দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ১২ দিনের সফরে সাইপ্রাস ও ইস্তামবুল যাচ্ছে।
অর্থমন্ত্রী মুহিত আশাবাদ ব্যক্ত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এ দু'টি গুরুত্বপূর্ণ সম্মেলনের মধ্য দিয়ে মন্দা মোকাবেলার একটি সহজ উপায় বের হয়ে আসবে।"
ভবিষ্যতে যাতে এ ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে না হয়- সে ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ারও দিক-নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।
এতে অর্থমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া যোগ দেবেন।
এ দুটি সম্মেলনের আলোচ্যসূচিসহ অন্যান্য বিষয় ব্যাখ্যা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান আলোচ্যসূচিতো একটাই। বিশ্ব অর্থনীতির চলমান মন্দা।
"কীভাবে দ্রুততর সময়ের মধ্যে এই মন্দা কাটিয়ে উঠা যায়, সে ব্যাপারে কৌশল নির্ধারণের বিষয়টি নিয়েও আলোচনা হবে।"
"যদিও আমাদের অর্থনীতিতে মন্দার প্রভাব তুলনামূূলকভাবে কম পড়েছে। এরপরও আমরা একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই মন্দা কাটিয়ে উঠতে চাই," বলেন তিনি।
এ ছাড়া এ দুই সম্মেলনের ফাঁকে ফাঁকে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংক ও আইএমএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের দ্বি-পাক্ষিক বৈঠক হবে।
এর মধ্য দিয়ে বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান অর্থমন্ত্রী।
বিশ্বব্যাংক-আইএমএফের কাছ থেকে বাড়তি কোনও সহায়তা পাওয়া যাবে কিনা- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, "বিশ্বব্যাংক আগামী তিন বছরে বাংলাদেশকে কি পরিমাণ সহায়তা দেবে, তা ইতিমধ্যেই আমাদের জানিয়ে দিয়েছে।
"ভালোভাবে মন্দা মোকাবেলায় প্রথম বছর তারা যেন আমাদের বেশি অর্থ ছাড় করে, সে ব্যাপারে অনুরোধ তাদের জানাবো।
"আশা করছি বিশ্বব্যাংক আমাদের এ অনুরোধ রাখবে," বলেন অর্থমন্ত্রী।
তিনি আরও বলেন, আইএমএফ ইতিমধ্যে আমাদের অর্থনীতির ভিতকে আরও মজবুত করতে একেবারে কম সুদে সাতশ' মিলিয়ন ডলার ঋণ-সহায়তা দিয়েছে।
প্রতিবছর বিশ্বব্যাংক ও আইএমএফ বার্ষিক সভার মাধ্যমে তার সদস্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী, উন্নয়ন বিষয়কমন্ত্রী, বেসরকারি খাতের প্রতিনিধি, বিশেষজ্ঞদের একসঙ্গে নিয়ে বৈঠক করে।
ওই বৈঠকে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিশ্বমন্দা মোকাবেলার করণীয় ঠিক করতে সরকার গত ১৮ মার্চ বিরোধী দল, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে অর্থমন্ত্রীকে আহবায়ক করে ২৭ সদস্যের উচ্চপর্যায়ের একটি টাস্কফোর্স গঠন করে।
২৪ মার্চ টাস্কফোর্সের প্রথম বৈঠক হয়।
ওই বৈঠকের সুপারিশের আলোকে ১৯ এপ্রিল বিভিন্ন দেশের মত বাংলাদেশও তিন হাজার চার শ' ২৪ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়।
এ ছাড়া চলতি ২০০৯-১০ অর্থবছরের বাজেটে বিশ্বমন্দার প্রভাব মোকাবেলার জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়।
গত ১৬ সেপ্টেম্বর টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক হয়।
এতে বস্ত্র, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণসহ কয়েকটি খাতে আর্থিক প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত এপ্রিলে ঘোষিত প্রণোদনা প্যাকেজে এ তিন খাতে কোনো সহায়তা দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/১৬২০ ঘ.
bdnews24