খুলনা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির তালিকায় থাকলেও অধিকাংশ চিনির ডিলারকে ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি। কয়েকটি স্থানে ডিলার পাওয়া গেলেও নেই টিসিবির খোলা বাজারে চিনি বিক্রির ব্যানার।
টিসিবির তালিকা অনুযায়ী মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থান ঘুরে এ চিত্র দেখা গেছে।
টিসিবি'র খুলনা অফিসের প্রধান মো. রবিউল মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিলারশিপে যে ঠিকানা উল্লেখ থাকবে সেই ঠিকানায় চিনি বিক্রি করার বাধ্যবাধকতা রয়েছে। এর অন্যথা হতে পারবে না।"
টিসিবি'র কর্মকর্তারা জানান, নগরীতে টিসিবির ১৫৬ জন ডিলার রয়েছে। সপ্তাহে প্রত্যেকে ডিলারকে বরাদ্দ দেওয়া হয় এক হাজার কেজি চিনি। দাম বেধে দেওয়া হয়েছে কেজিপ্রতি ৪২ টাকা।
এদিকে নগরীর খুচরা দোকানগুলোতে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা থেকে ৬২ টাকা করে।
নগরীর সিমেট্রি রোডের মেসার্স কহিনুর স্টোরে গিয়ে দেখা গেছে, দোকানটি ক্রেতাশূন্য। দেখে বোঝার উপায় নেই যে দোকানটিতে টিসিবি'র চিনি বিক্রি হচ্ছে।
নিয়মানুযায়ী দোকানের সামনে লাল কাপড়ে 'খোলা বাজারে টিসিবির চিনি বিক্রয়' লেখা থাকার কথা থাকলেও তা দেখা যায়নি।
দোকানের মালিক মবিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ৭ সেপ্টেম্বর এক হাজার কেজি চিনি বরাদ্দ পেয়েছি। সে চিনি ১২ সেপ্টেম্বরের মধ্যে বিক্রি হয়ে গেছে।"
টিসিবির তালিকায় আহসান আহমেদ রোডে মেসার্স নয়ন ট্রেডার্সের নাম উল্লেখ থাকলেও সরেজমিনে গিয়ে তা পাওয়া যায়নি।
একই রোডে মেসার্স পেজার নামে অপর একটি প্রতিষ্ঠান টিসিবির তালিকাভুক্ত ডিলার হলেও পাওয়া যায়নি এই প্রতিষ্ঠানটিও।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের মালিক শামসুদ্দিন আহমেদ শ্যাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আমার বাড়ি নগরীর পূর্ব বানিয়া খামার মসজিদ এলাকায় চিনি বিক্রি করছি।"
নগরীর চার নম্বর ঘাট এলাকায় সবুজ মার্কেটের জয়নাল স্টোরে গিয়ে দেখা গেছে চিনি বিক্রি বন্ধ।
ডিলার মো. দিদার জানান, প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত তারা চিনি বিক্রি করে থাকেন।
৩টা পর্যন্ত চিনি বিক্রির কথা থাকলেও দুপুর ২টায় চিনি বিক্রি বন্ধের কারণ জানতে চাইলে তিনি বলেন, "দোকানে থাকা চিনি সব বিক্রি হয়ে যাওয়ায় তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।"
নগরীর শেরে বাংলা রোডে ইয়াদ ফুয়াদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান টিসিবির ডিলার তালিকায় থাকলেও দোকানটির কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
ডিলারদের অনিয়মের বিষয়ে টিসিবি কর্মকর্তা মো. রবিউল মোর্শেদ বলেন, "চিনি বিক্রির ক্ষেত্রে যে কোন ধরনের দুর্নীতি ও অনিয়মের ঘটনা প্রমাণিত হলেও ডিলারশিপ ও জামানত দুটোই বাতিল করা হবে।"
খুব শিগগিরই চিনির দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৩ ঘ.
bdnews24