ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিগগিরই জাতীয় বেতন স্কেল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে সংসদকে জানিয়েছেন অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচ এম গোলাম রেজার উপস্থাপিত প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ কথা বলেন।
অর্থ মন্ত্রী বলেন,''অতি শিগগিরই বেতন স্কেল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। সরকারের সীমাবদ্ধতার কথা বিবেচনায় এনে প্রস্তাবিত বেতন স্কেলের সুপারিশ করা হয়েছে। নতুন বেতন স্কেল প্রদান করা হলে কর্মকর্তা-কর্মচারিদের বেতন অবশ্যই বাড়বে এবং বেতন কমে যাওয়ার কোনো সুযোগ নেই। ''
তিনি জানান, জীবনধারণের জন্য মৌলিক চাহিদা পুরণ নীতি, মুল্যস্ফীতি ও ভোক্তা মূল্য সূচকের প্রেক্ষিতে বেতন-ভাতা এবং পেনশন বৃদ্ধির সহানুগামিতা, সামাজিক মর্যাদা ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখা ও সরকারের বার্ষিক আয়-ব্যয়ে ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা-এ বিষয়গুলো অনুসরণ করেই জাতীয় বেতন কাঠামো করা হয়েছে।
জুন মাসে দেওয়া বাজেটে অর্থ মন্ত্রী জাতীয় বেতন স্কেল ঘোষণার অঙ্গীকার করেন।
ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সোমবার সকাল ১১টায় অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/কেআরসি/জিএনএ/১২১৭ ঘ.
bdnews24