ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাজারে যারা চিনির দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)।
শুক্রবার সকালে রাজধানীর শান্তিনগর বাজার পরিদর্শনকালে এফবিসিসিআই প্রতিনিধি দলের সদস্যরা এ দাবি জানান।
এফবিসিসিআই-এর সহ-সভাপতি (প্রথম) আবুল কাশেম এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
শুক্রবার সন্ধ্যায় আবুল কাশেম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্বের বিভিন্ন জায়গায় চিনির বাড়লেও বাংলাদেশে চিনির দাম বাড়ার যৌক্তিক কোনও কারণ নেই।
"তাই যারা অতিরিক্ত মুনাফা করার জন্য দাম বাড়াচ্ছে সরকার যেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়।"
তিনি বলেন, "আমরা বাজার পরিদর্শনে গিয়ে বেশিরভাগ পণ্যের দামই স্থিতিশীল পেয়েছি। শুধু ডাল ও চিনির দাম বাড়ছে।"
প্রতিনিধিদল শান্তিনগর বাজার পরিদর্শনে গেলে দু' তিনটি দোকান ঘুরে দেখার পর এক ক্রেতার সঙ্গে তাদের বাগ-বিতণ্ডা হয়।
মো. আজিজ নামের ওই ক্রেতা এফবিসিসিআই প্রতিনিধি দলের সদস্যদের উদ্দেশে বলেন, "ব্যবসায়ীরাই দাম বাড়াচ্ছে। আর তাদের প্রতিনিধি হিসেবে আপনারা এসেছেন বাজার পরিদর্শনে। আপনাদের এই লোক দেখানো বাজার পরিদর্শনে কোনও কাজ হচ্ছে না।"
এ বিষয়ে জানতে চাইলে আবুল কাশেম বলেন, "এফবিসিসিআই'র নিয়মিত কার্যক্রমের একটি অংশ হলো বাজার পর্যবেক্ষণ করা। আমরা সে কাজ করতেই গিয়েছিলাম। ওই ক্রেতা মনে হয় কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এফবিসিসিআই প্রতিনিধিদের এসব কথা বলেছেন।"
গত চার দিনেই বাজারে চিনির দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত।
বৃহস্পতিবার রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে, ৪৮-৫০ টাকার কেজি দরের চিনি চার দিনে বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা পর্যন্ত।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর হিসাবে একমাস আগেও প্রতি কেজি চিনির দাম ছিল ৪২ থেকে ৪৪ টাকা। সে হিসাবে চিনির দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
রাজধানীর মৌলভীবাজার পাইকারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, আমরা পাইকাররা দাম বেশি রাখছি না। তবে বাজারে চিনির সংকট রয়েছে। ডেলিভারি অর্ডারের মাধ্যমে প্রতি কেজি ৪৫ টাকা ১৫ পয়সা দরে এবং সরাসরি কিনলে প্রতি কেজি ৫৩ টাকা ৫৯ বিক্রি হচ্ছে।
চিনি সংকটের জন্য তিনি পরিশোধনকারীদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেছিলেন, "ডেলিভারি অর্ডারের মাধ্যমে মিল গেইট থেকে ৩৯ টাকা কেজিতে পাইকারদের দেওয়া হচ্ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে না। এছাড়া টিসিবি এক হাজার টন চিনি কেনার কারণে পরিশোধনকারীরা পাইকারদের দিতে পারছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএমএ/এসএইচ/২১৩৬ ঘ.
bdnews24