২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাফ দিয়ে বেড়েছে চিনির দাম

চিনির দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের মধ্যেই তিন দিনের ব্যবধানে চিনির দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত। বৃহস্পতিবার রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে, ৪৮-৫০ টাকার কেজি দরের চিনি গত তিন দিনে বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা পর্যন্ত। বিস্তারিত রিয়াজুল বাশারের কলমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিনির দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের মধ্যেই তিন দিনের ব্যবধানে চিনির দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত। বৃহস্পতিবার রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে, ৪৮-৫০ টাকার কেজি দরের চিনি গত তিন দিনে বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা পর্যন্ত। সরকারের বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবি'র হিসাবে একমাস আগেও প্রতি কেজি চিনির দাম ছিল ৪২ থেকে ৪৪ টাকা। সে হিসেবে চিনির দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। রাজধানীর একাধিক খুচরা বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, পাইকারি বাজারে থেকে চিনির সরবরাহ কম দেখিয়ে সেখান থেকেই দাম বাড়ানো হচ্ছে। ওদিকে পাইকাররা বলছেন, পরিশোধন মিল থেকে চিনি সরবরাহ কমায় বাজারে দাম বেড়ে গেছে। বাণিজ্য সচিব ফিরোজ আহমেদকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিনি মজুদের যে তথ্য আমাদের কাছে রয়েছে তাতে বাজারে চিনি সংকটের কোনও কারণ নেই এবং দাম বৃদ্ধিও অযৌক্তিক।" তিনি বলেন, "আজকেই (বৃহস্পতিবার) আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠক হয়েছে। সেখানে আমরা অভিযোগ পেয়েছি যে, ফিল্ড লেভেলে চিনির সরবরাহ কম রয়েছে। এছাড়া পাইকার ও খুচরা ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ আছে।" বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার কাঁচাবাজারে জহির স্টোরের জহির উদ্দিন জানান, প্রতি কেজি খোলা চিনি ৬০ টাকা দরে বিক্রি করছেন তিনি। তার কাছে কোনও প্যাকেট চিনি নেই। গত দ'ুতিন দিনে পাইকাররা প্রতি ঘন্টায় ঘন্টায় দাম বাড়াচ্ছে অভিযোগ করেন তিনি বলেন, "মৌলভীবাজার অথবা কাপ্তান বাজারের পাইকারদের থেকে আমরা চিনি কিনি। গতকাল (বুধবার) প্রতি কেজি ৫৬ টাকা দরে কিনেছি আমরা। এরপর নিয়ে আসার খরচ ধরে ৬০ টাকায় বিক্রি করছি। তবে প্যাকেট চিনির সরবরাহ নেই।" একই বাজারের আবুল কালাম প্রতি কেজি খোলা চিনি ৫৮ টাকায় বিক্রি করছেন। কয়েকদিন আগে কেনার কারণে 'এখনো এ দামে' দিতে পারছেন বলে তিনি জানান। কয়েকজন খুচরা বিক্রেতা জানান, কারওয়ান বাজারে ৪২ টাকা দরে সরাসরি কারখানা থেকে আনা দেশবন্ধু ও ফ্রেশ ব্রান্ডের চিনি ট্রাকে করে বিক্রি হতো। বৃহস্পতিবার এদের ট্রাক আসেনি। রাজধানীর মৌলভীবাজার পাইকারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, "আমরা পাইকাররা দাম বেশি রাখছি না। তবে বাজারে চিনির সংকট রয়েছে। ডেলিভারি অর্ডারের মাধ্যমে প্রতি কেজি ৪৫ টাকা ১৫ পয়সা দরে এবং সরাসরি কিনলে প্রতি কেজি ৫৩ টাকা ৫৯ বিক্রি হচ্ছে।" চিনি সংকটের জন্য তিনি পরিশোধনকারীদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, "ডেলিভারি অর্ডারের মাধ্যমে মিল গেইট থেকে ৩৯ টাকা কেজিতে পাইকারদের দেওয়া হচ্ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে না। এছাড়া টিসিবি এক হাজার টন চিনি কেনার কারণে পরিশোধনকারীরা পাইকারদের দিতে পারছে না।" তবে গোলাম মাওলার সঙ্গে দ্বিমত পোষণ করে কারওয়ান বাজারের একজন পাইকার ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, "পাইকার ব্যবসায়ীরা বিক্রির কোনও রশিদ দেয়ই না, আবার রশিদ চাইলে তারা চিনি বিক্রি করবে না বলে হুমকি দেয়। মিলগেটেও একই অবস্থা। ডেলিভারি অর্ডার দিয়ে বসে থাকতে হয়, অথচ বেশি মূল্য দিলে দ্রুত চিনি সরবরাহ করা হয়।" এসব অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ চিনি পরিশোধনকারী সমিতির মহাসচিব এবং দেশবন্ধু চিনিকলের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, "চিনি সরবরাহে কোনও ঘাটতি নেই। প্রতিদিন তিন হাজার টন চিনির চাহিদা রয়েছে। তারপরও রোজা উপলক্ষে আমরা চার হাজার টন চিনি সরবরাহ করছি এবং ডেলিভারি অর্ডারের মাধ্যমে মিলগেট থেকে ৩৯ টাকা কেজিতেই বিক্রি করা হচ্ছে।" তিনি বলেন, "লাভ না হওয়ায় ট্রাকে করে ৪২ টাকা দরে চিনি বিক্রি বন্ধ করে দিয়েছি। কারণ আমাদের কাছ থেকে ৪২ টাকায় কিনে সেটা খুচরা ব্যবসায়ীরা ৫৫ টাকায় বিক্রি করছে। কম দামে কিনলেও এক শ্রেণীর ব্যবসায়ী কম দামে বিক্রি করছে না।" সরকার চিনির মূল্য স্থিতিশীল রাখতে গত ১৫ আগস্ট থেকে অপরিশোধিত চিনি আমদানির ওপর শুল্কহার সম্পূর্ণ প্রত্যাহার এবং প্রতি মেট্রিক টন পরিশোধিত চিনির ওপর শুল্কহার ৭ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা করেছে। এছাড়া দেশীয় পরিশোধনকারীদের কাছ থেকে এক হাজার টন চিনি কিনে ডিলারদের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেয় টিসিবি। বাণিজ্য সচিব জানান, পরিশোধনকারীদের কাছ থেকে ইতোমধ্যে টিসিবি ৬০০ টন চিনি নিয়েছে। বাকী ৪০০ টনও শিগগিরই পাবে। এসব চিনি ডিলারদের মাধ্যমে বিক্রি শুরু করলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি বোরহান আহমেদ বলেন, "পুরো জিনিসটাই এক শ্রেণীর ব্যবসায়ীদের কারসাজি। রোজা এলেই জিনিসের দাম রাতারাতি বেড়ে যায়। এটা ব্যবসায়ীদের মুনাফা করার চক্রান্ত।" তিনি বলেন, "কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয়। এফবিসিসিআইয়ের কতিপয় নেতা বাজার ঘুরছে। এতে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। কারণ ওইসব নেতা অতিরিক্ত মুনাফাখোরদের প্রোটেকশন দিচ্ছে।" ভোক্তা সংরক্ষণ আইনের দ্রুত বাস্তবায়ণ ঘটিয়ে 'দুর্নীতিবাজ' ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/১৮৪১ ঘ.