ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলার হুমকি দিয়ে সরকারের কাছ থেকে অর্থ চাওয়া একটি দুরভিসন্ধিমূলক কাজ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা কারা করছে তা খতিয়ে দেখা হবে।
সংসদে প্রশ্নোত্তর পর্বে বুধবার তিনি এ কথা বলেন।
স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, "গার্মেন্টস শিল্পের নিরাপত্তার দায়িত্ব সরকারের পাশাপাশি মালিকদেরও। কিন্তু সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির প্রধান হোতা কারা। তার পেছনে কারা রয়েছেন- তা আমরা খতিয়ে দেখছি।"
তিনি বলেন, "গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলার ঘটনা ঘটিয়ে সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা আদায় করা একটি দুরভিসন্ধিমূলক কাজ। এটা কারা করছে তা খতিয়ে দেখা হবে।"
বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) শ্রমিকদের বেতন ও ঈদ বোনাসের জন্য মন্দা মোকাবেলার প্রণোদনা প্যাকেজ থেকে অর্থ চেয়েছিল। শ্রমিকরা বেতন-বোনাস না পেলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় ব্যবসায়ীরা নেবে না বলেও জানায় তারা।
সমালোচনার মুখে পরে অবশ্য ওই বক্তব্যের জন্য ক্ষমা চায় তারা।
প্রাথমিক শিক্ষক:
ঢাকা-১০ আসনের এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য বিসিএস (প্রাথমিক শিক্ষা) নামে নতুন একটি ক্যাডার গঠনের বিষয়টি পরীক্ষাধীন রয়েছে।"
সরকার ইতোমধ্যে পঞ্চম শ্রেণীর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের পক্ষে প্রধানমন্ত্রী বলেন, "একটি সমাপনী পরীক্ষার মাধ্যমে বৃত্তি দেওয়া হলে সব ছাত্র-ছাত্রীর বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া হবে। সব ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা পরীক্ষাকে গুরুত্ব দেবে।"
ট্যুরিস্ট পুলিশ:
প্রধানমন্ত্রী সংসদে জানান, দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ নামে বাংলাদেশ পুলিশের একটি শাখা গঠন করা হয়েছে। ওই শাখায় প্রাথমিকভাবে সহকারী উপপরিদর্শকসহ বিভিন্ন পদে ৮৩ জন জনবলের মঞ্জুরি দেওয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, "পর্যটকদের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে নতুন পদেক্ষপের সুফল পাওয়া শুরু হয়েছে। সরকার কক্সবাজারের মতো অন্য পর্যটন স্থানগুলোতেও ট্যুরিস্ট পুলিশ গঠনের উদ্যোগ নিয়েছে।"
সোয়াইন ফ্লু:
খুলনার সাংসদ নজরুল ইসলাম মঞ্জু'র এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সোয়াইন ফ্লুর বিস্তার প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
শেখ হাসিনা বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় রক্ষা করে এ রোগ নিয়ন্ত্রণে সরকার সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এমআই/১৬৩০ ঘ.
bdnews24