২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমইএ'র চাওয়া ঠিক মনে করছে না বিকেএমইএ

শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঈদের আগে বিজিএমইএ'র প্রণোদনা প্যাকেজ চাওয়া ঠিক মনে করছে না তৈরি পোশাক খাতের আরেক সংগঠন বিকেএমইএ। বাংলাদেশ নিট পোশাক রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) মনে করে, ঈদের আগে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 05:45 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঈদের আগে বিজিএমইএ'র প্রণোদনা প্যাকেজ চাওয়া ঠিক মনে করছে না তৈরি পোশাক খাতের আরেক সংগঠন বিকেএমইএ। বাংলাদেশ নিট পোশাক রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) মনে করে, ঈদের আগে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন সম্ভব নয়। ব্যবসা খারাপ হওয়ার অজুহাত দেখিয়ে ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য সরকারের মন্দা মোকাবেলায় ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে ৩ হাজার কোটি টাকা চেয়ে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিকেএমইএ'র একটি প্রতিনিধি দল রোববার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে। বৈঠকের পর বিকেএমইএ সভাপতি ফজলুল হক সাংবাদিকদের বলেন, "ঈদের আগে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন সম্ভব নয়। এর বিকল্প হিসেবে পোশাক খাতে সরকারের নগদ আর্থিক সহায়তা খাতে বরাদ্দ থাকা ৫০০ কোটি টাকার মধ্যে যে টাকা বকেয়া আছে, তা ঈদের আগে পরিশোধের অনুরোধ করেছি আমরা।" শ্রমিকদের বেতন-ভাতার বিষয়ে তিনি বলেন, "আমরা আমাদের সব মালিককে জানিয়ে দিয়েছি, যেভাবে হোক, যত কষ্ট করে হোক, ঈদের আগে যেন বেতন-বোনাস পরিশোধ করা হয়।" বিজেএমইএ সভাপতি সালাম মুর্শেদী সংবাদ সম্মেলনে বলেছিলেন, ব্যবসা ভালো না হওয়ায় ৪০ শতাংশ পোশাক কারখানা ঈদে তারা শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারবে না। বেতন-বোনাস না পাওয়ার আশঙ্কা থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল-সমাবেশ করে। অর্থমন্ত্রীও বিজিএমইএ এর ওই বক্তব্যের সমালোচনা করেন। বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আগামী ১৫ অথবা ১৬ সেপ্টেম্বর টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে তৈরি পোশাক খাতের শিল্প মালিকরা যেসব দাবি করেছে তা নিয়ে আলোচনা হবে। সেখানেই সিদ্ধান্ত হবে ৫ হাজার কোটি টাকা কোন কোন খাতে কীভাবে বরাদ্দ দেওয়া হবে।" বিজিএমইএ এর দাবি প্রসঙ্গে মুহিত বলেন, "তারা দাবি জানাতেই পারে। তবে ঈদের আগে বেতন-বোনাসের সঙ্গে প্রণোদনা প্যাকেজকে যুক্ত করা কোনোভাবেই ঠিক হয়নি। মনে হয়, এটা তারা কৌশল হিসেবে নিয়েছিল। কিন্তু এমনভাবে না বললেও পারতেন।" অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রণোদনা প্যাকেজের মেয়াদ ছয় মাসের পরিবর্তে এক বছর করার দাবি জানায় বিকেএমইএ। মন্ত্রী তাদের সব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, "আমার বিশ্বাস, ঈদের আগে গার্মেন্টস কারখানাগুলোতে তেমন কোনও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হবে না।" বিজেএমইএ বলেছিল, শ্রমিকরা বেতন-বোনাস না পাওয়ায় পরিস্থিতি অস্থিতিশীল হলে তার দায়িত্ব তারা নেবে না। অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার পর এক সংবাদ সম্মেলনে বিকেএমইএ সভাপতি জানান, বর্তমান সঙ্কট মোকাবেলায় পোশাক খাতে সরকারের নগদ সহায়তার যে টাকা বকেয়া আছে ঈদের আগে তা দেওয়ার বিষয়ে সমিতির নেতাদের প্রতিশ্র"তি দিয়েছেন অর্থমন্ত্রী। মন্দার কারণে গত সেপ্টেম্বর থেকে রপ্তানি কমতে থাকে জানিয়ে ফজলুল হক বলেন, "আমরা আমাদের রপ্তানির অবস্থা তুলে ধরে অর্থমন্ত্রীর কাছে ঈদের আগেই বাজেটে বরাদ্দকৃত নগদ সহায়তার টাকার ৭০ শতাংশ অগ্রিম দেওয়ার আহ্বান জানিয়েছি।" ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার ইতোমধ্যে নগদ সহায়তা খাতের ৫০০ কোটি টাকার ১১১ কোটি দিয়েছে। বাকি টাকার ৭০ শতাংশ তারা ঈদের আগে (বাংলাদেশ ব্যাংকের অডিট প্রতিবেদন ছাড়া) অগ্রিম দেওয়ার আহ্বান জানিয়েছেন। "এতে গার্মেন্টস মালিকদের জন্য ঈদপূর্ব জরুরি সমস্যা মোকবেলা সহজ হবে", বলেন তিনি। সহায়তা চাওয়ার কারণ হিসেবে বিকেএমইএ সভাপতি বলেন, ২০০৮-২০০৯ অর্থবছরের প্রথম তিন মাসে নিট পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৫২ দশমিক ০৫ শতাংশ। আর শেষ নয় মাসে সে প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ২৯ শতাংশে দাঁড়ায়। এ সত্ত্বেও ২০০৮-২০০৯ অর্থবছরে ৬৪২৯ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলারের নিট পোশাক রপ্তানি হয়, যা দেশের মোট রপ্তানির ৪১ দশমিক ৩০ শতাংশ। যেখানে প্রবৃদ্ধির হার ছিল ১৬ দশমিক ২১ শতাংশ। তিনি জানান, মূল্য ও রপ্তানি আদেশ কমতে থাকায় ছোট ও মাঝারি শিল্পগুলো মারাত্মক সমস্যায় আছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, "এছাড়া আমাদের কাছে যেসব রপ্তানি আদেশ আছে তাতে আগামী ছয় মাসে রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়ার সম্ভাবনা কম।" বিকেএমইএ সভাপতি আরও জানান, অর্থমন্ত্রী তাদেরকে জেনারেটরের লাইসেন্স ফি ও গ্যাসের নির্ধারিত ফি প্রত্যাহারেরও আশ্বাস দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এআরএইচ/এজে/এমআই/১৮০০ ঘ.