২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার স্থিতিশীল রাখার চেষ্টা থাকলেও কয়েকটি পণ্যের দাম বেড়েছে: আনিসুল

বাজার স্থিতিশীল রাখতে সরকার ও ব্যবসায়ী নেতাদের চেষ্টা থাকলেও কয়েকটি পণ্যের দাম বেড়েছে বলে স্বীকার করলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক। মূল্য বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে চিনির মূল্য বৃদ্ধির জন্য তিনি ডিও (ডেলিভারি অর্ডার) পাওয়ার জটিলতাকেই দায়ী করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 08:56 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজার স্থিতিশীল রাখতে সরকার ও ব্যবসায়ী নেতাদের চেষ্টা থাকলেও কয়েকটি পণ্যের দাম বেড়েছে বলে স্বীকার করলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক। মূল্য বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে চিনির মূল্য বৃদ্ধির জন্য তিনি ডিও (ডেলিভারি অর্ডার) পাওয়ার জটিলতাকেই দায়ী করেছেন। বাজার পরিস্থিতি দেখতে শনিবার দুপুরে রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজার ঘুরে দেখেন এফবিসিসিআই সভাপতি। সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল কাশেম হায়দারও তার সঙ্গে ছিলেন। আনিসুল হক সাংবাদিকদের বলেন, "খুচরা বাজারে নিত্যপণ্যের মূল্য কিছুটা নিম্নমুখী। যদিও চিনির মূল্য কেজিপ্রতি দুই টাকা এবং ডালের মূল্য কেজিপ্রতি তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। তবে এসবের মূল্য বৃদ্ধির কোনও কারণ নেই। কী কারণে দাম বেড়েছে, তা তদন্ত করে দেখা প্রয়োজন।" বিভিন্ন দোকানে মূল্য তালিকা না দেখে অসন্তোষ প্রকাশ করেন আনিসুল হক। তিনি বলেন, "ব্যবসায়ীদের এ বিষয়ে জিজ্ঞাসা করেছি। কিন্তু মূল্য তালিকা না টানানোর কোনও কারণ তারা জানাতে পারেননি। এক্ষেত্রে কারও দায়িত্ব পালনের গাফিলতি থাকতে পারে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।" ব্যবসায়ীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ব্যবসায়ী নেতা আনিসুল বলেন, "ব্যবসায়ীদের অভিযোগ হচ্ছে- চিনির সরবরাহ স্বাভাবিক থাকলেও ডিও পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। এ কারণেই বাজারে কিছুটা প্রভাব পড়ছে।" ব্যবসায়ী নেতাদের বাজার পরিদর্শনের সুফল জনগণ পাচ্ছে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "কিছুটা লাভ তো হয়েছেই। অন্তত আমরা যতক্ষণ বাজারে থাকি, ততক্ষণ তো মূল্য বাড়ছে না। এ সময়টায় মূল্য কম থাকছে। এটাও তো কম নয়।" টিসিবিকে সক্রিয় করার কারণে কোনও প্রভাব পড়ছে কিনা- প্রশ্ন করা হলে আনিসুল বলেন, "টিসিবির প্রচেষ্টা পুরোপুরি সফল হয়েছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। তবে এতে কিছুটা হলেও লাভ হয়েছে জনগণের।" শনিবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বাজারে চিনির সরবরাহ যথেষ্ট থাকলেও দাম কেজিপ্রতি দুই টাকা বেড়েছে। বেড়েছে ডালের দামও। ডালের দাম বৃদ্ধির পরিমাণ কোথাও ১০ টাকা পর্যন্ত। পাইকারি বাজারে দাম বাড়াই এর কারণ বলে খুচরা ব্যবসায়ীরা দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫০০ ঘ.