চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামের খুচরা বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ২৮ টাকায়। অপরদিকে পাইকারি বাজারে এর দাম ২৫ টাকা হালি।
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে পোল্ট্রি ব্যবসায়ীরা খুচরা বাজারে প্রতি হালি ডিম ২৬ টাকা বিক্রির আশ্বাস দিলেও চট্টগ্রামের বাজারে এর কোন প্রভাব নেই। ভারত থেকে আমদানি করা ডিম শুক্রবার পর্যন্ত বাজারে পৌঁছায়নি বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
নগরীর রেয়াজুদ্দিন বাজারের পাইকারি দোকানে ব্রয়লার মুরগীর ডিম প্রতি শত বিক্রি হয়েছে ৬২০ টাকায়। হাঁসের ডিম প্রতিশ' বিক্রি হয়েছে ৬০০ টাকায়। দুই-তিনদিনের ব্যবধানে ডিমের দাম প্রতিশতে ৩০ থেকে ৪০ টাকা কমেছে। এক সপ্তাহ আগে ফার্মের মুরগির ডিমের দাম ছিল ৬৫০ ও হাঁসের ডিম ছিল ৬০০ টাকা।
পাইকারি ডিম বিক্রেতা মোহাম্মদ জানান, দাম কমছে। কয়েকদিনের ব্যবধানে সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে।
রমজানের শুরুতে চট্টগ্রামের বাজারে ভোগ্যপণ্যসহ সবজির দাম বাড়লেও তা কমতে শুরু করেছে। প্রথম রোজার দিনে প্রতি কেজি কাঁচামরিচ ১৫০ টাকা দরে বিক্রি হলেও শুক্রবার দাম ছিল বাজার ভেদে ৮০ থেকে ১০০ টাকা।
এছাড়া বেগুন প্রতি কেজি ৫০, খিরা ৬ টাকা কমে ২৪, শসা ৪ টাকা বেড়ে ২৬, বাঁধাকপি ৪ টাকা বেড়ে ৪০, বরবটি ২ টাকা কমে ২২, কাকরোল ৪ টাকা কমে ২৪, পেঁেপ ১৮ টাকা, পটল ৪ টাকা বেড়ে ২৮, করলা ২৮, মিষ্টি কুমড়া ১৮ ও আলু আগের ২৮ টাকায় বিক্রি হচ্ছে।
নগরীর কাজীর দেউরী বাজারে এসব পণ্য ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়তিতে বিক্রি হচ্ছে।
এদিকে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম কমেছে ৩ টাকা পর্যন্ত। ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হওয়া চিনি শুক্রবার খুচরা বাজারে বিক্রি হয়েছে ৪৬ থেকে ৪৭ টাকায়।
বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানদার সরকার নির্দেশিত পণ্য তালিকা টাঙাচ্ছেন। তবে কোন কোন দোকানে পণ্য তালিকার সঙ্গে বিক্রয়মূল্যের মিল নেই।
রেয়াজুদ্দিন বাজারে আসা বেসরকারি চাকরিজীবী সারোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সপ্তাহে সবজিসহ অন্যান্য পণ্যের দাম কিছুটা কম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/২২১৪ ঘ.
bdnews24