ফারুক ইকবাল
চট্টগ্রাম ব্যুরো প্রধান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি করা গাড়ি রাখতে একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। এর বদলে বন্দরের বাইরে বেসরকারি উদ্যোগে একটি বিশেষ ইনল্যান্ড ডিপো স্থাপনের প্রস্তাব রেখেছে তারা।
বন্দরে আমদানি করা গাড়ির জট এড়াতে চবক চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ এ প্রস্তাব রাখেন।
তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমদানি করা গাড়ি একই ছাদের তলে রাখার জন্য বহুতল কার পার্কিং ভবন নির্মাণ করা প্রয়োজন। তবে আমরা এটি বন্দরের বাইরে বেসরকারি খাতের উদ্যোগে করতে আগ্রহী।"
"এ ক্ষেত্রে কোনও ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিশেষ করে গাড়ি ব্যবসায়ীদের সংগঠন 'বারভিডা' (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যাল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন) এগিয়ে এলে বন্দরের পক্ষ থেকে তাদেরকে উৎসাহিত করা হবে।"
এর আগে বারভিডার পক্ষ থেকে বন্দরের সংরক্ষিত এলাকায় গাড়ি রাখার জন্য একটি বহুতল কার পার্কিং ভবন নির্মাণের প্রস্তাব দেওয়া হলে তাতে সম্মতি দেয় চবক। এর নির্মাণ কাজ আগামী ২০১১ সালের মধ্যে শেষ করার কথা ছিল।
বন্দর চেয়ারম্যানের প্রস্তাবের বিষয়ে যোগাযোগ করা হলে বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ প্রস্তাব বারভিডার পরবর্তী সভায় উত্থাপন ও পর্যালোচনা করে দেখা হবে।"
তিনি বলেন, "আমরা দীর্ঘদিন ধরে বন্দরে চবকের অর্থায়নে একটি বহুতল কার পার্কিং ভবন নির্মাণের দাবি জানিয়ে আসছি। গত ফেব্র"য়ারি মাসে বন্দর কর্তৃপক্ষ সম্মতিও দিয়েছিল।"
বাবর বলেন, "বন্দর কর্তৃপক্ষ নিজস্ব জায়গায় ও নিজস্ব অর্থায়নে এ ভবন নির্মাণ করলে বন্দরের সংরক্ষিত এলাকায় অনেক জায়গা মুক্ত হবে এবং গাড়ি পাহারায় অনেক কম জনবলের প্রয়োজন হবে, গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগও থাকবে না। সর্বোপরি আমদানি করা বিপুল গাড়ির নিরাপত্তাও নিশ্চিত হবে।"
বন্দর কর্মকর্তারা জানান, শত কোটি টাকা ব্যয় করে ভবন নির্মাণের পর অদূর ভবিষ্যতে তা কতটা উপযোগী বা কার্যকর হবে এ নিয়ে কর্তৃপক্ষের সংশয় দেখা দেওয়ায় ওই পরিকল্পনা থেকে তারা সরে আসতে চাইছেন।
কর্মকর্তারা বলছেন, মংলা সচল হলে আগামী দিনে চট্টগ্রাম বন্দরে গাড়ি আমদানি কমে যেতে পারে। তাছাড়া গাড়ি নির্মাণকারী অনেকে প্রতিষ্ঠান বাংলাদেশেই কারখানা খুলতে পারে।
চবকের ডেপুটি ট্রাফিক ম্যানেজার (ডিটিএম) মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন জাপান থেকে প্রতি বছর বিপুল পরিমাণ রিকন্ডিশন্ড গাড়ি আমদানি হচ্ছে ঠিকই। কিন্তু দুই-তিন বছর পর এ পরিস্থিতি পাল্টে যেতে পারে।"
"দেশে হতে পারে যৌথ বিনিয়োগে গাড়ি নির্মাণ কারখানা। পাশের দেশ ভারত থেকেও আসতে পারে সস্তার 'ন্যানো' গাড়ি। তা হলে পরে জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি কমে যাবে।"
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দীন আহম্মদ মনে করছেন, আমদানিকারকরা মংলা বন্দরের দিকেও ঝুঁকতে পারেন।
এ কারণেই কার পার্কিং ভবন নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসা হচ্ছে কিনা- প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে বলেন, "আমরা বেসরকারি খাতকে উৎসাহিত করতে চাই।"
ফরহাদ বলেন, "আমদানি করা গাড়ির সংরক্ষণ বা পার্কিংয়ের জন্য বেসরকারি খাতে কন্টেইনার ডিপোর অনুরূপ একটি ইনল্যান্ড ডিপো স্থাপন করা ভালো হবে। বিশেষ করে বারভিডা যদি উদ্যোগ নেয়, তাতে বন্দর কর্তৃপক্ষ সহায়তার হাত বাড়িয়ে দেবে।"
চট্টগ্রাম বন্দরের মাধ্যমে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি প্রতি বছর বাড়তে থাকায় বন্দরের ভেতরে গাড়ি রাখার স্থান সঙ্কট দেখা দিয়েছে। বর্তমানে সংরক্ষিত এলাকার ভেতরে চারটি শেড ও ইয়ার্ড জুড়ে আমদানি করা গাড়ির বহর স্থান পাচ্ছে। এতে অন্যান্য খোলা ও কন্টেইনারজাত পণ্য হ্যান্ডলিং ও সংরক্ষণের স্থান সংকুচিত হয়ে পড়ছে।
খোলা আকাশের নিচে রাখার কারণে রোদ-বৃষ্টি-ঝড়ে এ সব গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হরহামেশাই গাড়ির মূল্যবান যন্ত্রপাতি চুরি হচ্ছে বলে বারভিডা অভিযোগ করে আসছে।
তবে সচিব ফরহাদ উদ্দীন বলেন, বর্তমানে বন্দরে গাড়ি রাখার স্থান সঙ্কট নেই। গাড়ির জন্য ইয়ার্ড সম্প্রসারণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এমআই/১৭১০ ঘ.
bdnews24