ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনশক্তি ও পণ্য রপ্তানি বাড়াতে শিগগিরই সাতটি দেশে নতুন দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একই সঙ্গে বিভিন্ন দেশে বিদ্যমান দূতাবাসগুলোকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে জনশক্তি রপ্তানি বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, "জনশক্তি রপ্তানি বাড়াতে আমরা সাতটি দেশে নতুন দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছি।"
এ দেশগুলো হলো- মরিশাস, লেবানন, সুদান, গ্রীস, বোতসোয়ানা, অ্যাঙ্গোলা ও রোমানিয়া।
মন্ত্রী বলেন, "বিশ্ব অর্থনীতির চলমান মন্দার মধ্যেও বাংলাদেশ চলতি বছরের জুলাই পর্যন্ত সাত মাসে সাড়ে তিন লাখ জনশক্তি রপ্তানি করেছে।
"জনশক্তি রপ্তানির ব্যাপারে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে আমাদের দেশে ৩১টি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে আরও ৩৭টি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এতে করে আমরা বেশিহারে দক্ষ জনশক্তি পাঠাতে পারবো।"
নতুন দূতাবাস খোলা ও নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত যাতে 'লাল ফিতায়' আটকে না থাকে সে ব্যবস্থা নিয়ে এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, "আশা করছি জনশক্তি রপ্তানির পাশাপাশি রপ্তানিপণ্যের বহুমুখীকরণ ও নতুন নতুন বাজার সৃষ্টির ব্যাপারে নতুন সাতটি দূতাবাস কার্যকর ভূমিকা রাখবে।"
অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, অর্থসচিব মো. তারেক, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, শ্রম ও বৈদেশিক কর্মসংস্থানসচিব ইলিয়াস আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এসএইচ/১৬০০ ঘ.
bdnews24