২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে কম দামে চাল বিক্রি শুরু করেছে বিজিএমইএ ও বিকেএমইএ

রমজান মাসে শ্রমিকদের মধ্যে কম দামে চাল বিক্রি শুরু করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও নিটওয়্যার শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে শ্রমিকদের মধ্যে কম দামে চাল বিক্রি শুরু করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও নিটওয়্যার শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। সরকারি পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার তেজগাঁও শিল্প এলাকায় বিজিএমইএ ও মিরপুরের পল্লবীতে বিকেএমইএ-এর উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আওতায় শ্রমিকরা প্রতি কেজি চাল ১৬ টাকা দরে কিনতে পারছেন। বিজিএমইএর চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং বিকেএমইএ-এর কার্যক্রম উদ্বোধন করেন খাদ্য ও দুুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। বিকেএমইএ সভাপতি ফজলুল হক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা রমজান মাসে নিট শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ ১৬ টাকা কেজি দামে চাল বিক্রির ব্যবস্থা করেছি। সরকারের কাছ থেকে আমরা সাড়ে ১৪ টাকা কেজিতে চাল কিনে সেই চাল সর্বোচ্চ ১৬ টাকা কেজিতে বিক্রি করবো।" তবে কোনো কারখানা মালিক ১৫ টাকা কেজিতেও চাল বিক্রি করতে পারবেন বলে জানান তিনি। বিজিএমইএ-এর অনুষ্ঠানে শ্রমমন্ত্রী বলেন, ভর্তুকি মূল্যে শ্রমিকদের মধ্যে চাল বিতরণের এ কর্মসূচি তাদের কাজে উৎসাহিত করবে এবং এতে তারা পোশাক শিল্পে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ-এর সভাপতি আবদুস সালাম মুর্শেদী। বিকেএমইএ-এর অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের কল্যাণে সাধ্যমত কাজ করছে। তারই ধারাবাহিকতায় সরকার বিকেএমইএকে কম দামে চাল সরবরাহ করছে। বিকেএমইএ সেই চাল শ্রমিকদের মধ্যে বিক্রি করছে। এটা খুবই ভালো উদ্যোগ। এ ধরনের ভালো উদ্যোগ মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান তিনি। বিকেএমইএ'র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৭ সালে বিকেএমইএ প্রথম নিজস্ব উদ্যোগে এ ধরনের কার্যক্রম শুরু করে। ২০০৮ সালে চালের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিকেএমইএ নিজেদের উদ্যোগে শ্রমিকদের জন্য বাজারদরের চেয়ে ১০ টাকা কম মূল্যে চাল বিক্রির ব্যবস্থা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/২০০৫ ঘ.