২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় সাতটি পণ্যের দাম পুনর্নির্ধারণ

চট্টগ্রামে চলতি রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় সাতটি পণ্যের দাম পুনর্নির্ধারণ করেছে বাজার তদারক কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 03:42 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

চট্টগ্রাম, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে চলতি রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় সাতটি পণ্যের দাম পুনর্নির্ধারণ করেছে বাজার তদারক কমিটি। নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কি-না তা পর্যবেক্ষণে সোমবার থেকে সরেজমিনে বাজার পরিদর্শনেরও সিদ্ধান্ত নিয়েছে কমিটি। রোববার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামের বিভিন্ন বাজারের খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা ছাড়াও চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধি বৈঠকে অংশ নেন। এর আগে গত সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠকে সাতটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেঁধে দিয়েছিল প্রশাসন। কিন্তু খুচরা বাজারে তার প্রতিফলন না হওয়ায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর নতুন করে এ দাম নির্ধারণ করা হলো। তবে এবার আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি পাইকারি পর্যায়েও পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে। এই সাতটি পণ্যের মধ্যে খুচরা বাজারে কেজি প্রতি মটর ২৪ টাকা, মাঝারি মানের ছোলা সাড়ে ৪০ টাকা, নিুমানের ছোলা ৩৬ টাকা, চিনি ৪৪ টাকা, সয়াবিন ৭৪ টাকা, পামতেল ৬৩ টাকা, খেসারি সাড়ে ৪৮ টাকা এবং পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকা দর নির্ধারণ করা হয়েছে। গত সোমবারের বৈঠকে প্রতি কেজি চিনি ৪৪ টাকা, পেয়াঁজ ১৭ টাকা, খোলা সয়াবিন ৭৩ টাকা, খেসারির ডাল ৪৮ টাকা, মাঝারি মানের ছোলা ৪৩ টাকা, মটর ২৩ টাকা দর নির্ধারণ করা হয়েছিলো। সভায় জেলা প্রশাসক ফরিদ উদ্দিন বলেন, খুচরা ও পাইকারী পর্যায়ে নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কি-না তা পর্যবেক্ষণে তদারকি দল সোমবার থেকে বাজার পরিদর্শন শুরু করবে। প্রতিটি দলে ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিডিআর ও ব্যবসায়ী প্রতিনিধিসহ কমপক্ষে ১৩ জন সদস্য থাকবেন। তদারকি কমিটি বাজারে সচতেনতা তৈরির পাশাপাশি কোনো অসংগতি পেলে তা তুলে ধরবে। চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম এবং দোকান মালিক সমিতির সভাপতি ছালামত আলীসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা বৈঠকে অংশ নেন। বৈঠকে অংশ নেওয়া খুচরা ব্যবসায়ীরা বলেছেন, পাইকারি বাজার থেকে প্রশাসনের নির্ধারিত দামে তারা পণ্য কিনতে পারেননি। এ কারণেই বাজারে প্রশাসন নির্ধারিত দামের খুব বেশি প্রভাব পড়েনি। তবে চিনি ও পেঁয়াজ প্রশাসন নির্ধারিত দামেই বিক্রি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসকে/২১৫৬ঘ.