ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে পুঁজিবাজারে শেয়ার ছাড়ার চূড়ান্ত অনুমতি পেল দেশের সর্ববৃহৎ বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন ।
পুঁজিবাজার থেকে প্রায় ৫শ' কোটি টাকা সংগ্রহের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বৃহস্পতিবার গ্রামীণ ফোনের আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) অনুমোদন করেছে।
এসইসি'র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভুঁইয়া সাংবাদিকদের জানান,এসইসি পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, "আমরা আশা করছি, ঈদের পরের সপ্তাহে আইপিও'র জন্য আবেদন জমা নেওয়া শুরু হতে পারে।"
সাধারণত সংশ্লিষ্ট কোম্পানি আইপিও'র আবেদন জমা নেওয়ার তারিখ নির্ধারণ করে থাকে। কিন্তু গ্রামীণ ফোনের ক্ষেত্রে এসইসি'র সঙ্গে পরামর্শ করে এটা করা হবে বলে আনোয়ারুল কবির জানান।
তিনি বলেন, এটি একটি বড়ো আকারের আইপিও হওয়ায় এ ব্যতিক্রম।
পুঁজিবাজার থেকে ৪৮৬ কোটি টাকা সংগ্রহের জন্য গ্রামীণ ফোনকে ৬ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার শেয়ার ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ৭০ টাকা, যার মধ্যে অভিহিত মূল্য ১০ টাকা এবং প্রিমিয়াম ৬০ টাকা।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য প্রি-আইপিও-তে গ্রামীণ ফোন প্রায় ৬ কোটি ৫৬ লাখ শেয়ারের প্রতিটি ৭৪ টাকা করে বিক্রি করে পুঁজি সংগ্রহ করেছে বলে জানান এই এসইসি কর্মকর্তা।
গত ২ জুলাই পুঁজিবাজারে আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) ছাড়ার আনুষ্ঠানিক অনুমোদন পায় গ্রামীণফোন (জিপি)।
২০০৮ সালের ডিসেম্বরে জিপি চূড়ান্ত আইপিও আবেদন করে এবং ২০০৯ এর জানুয়ারি মাসে চূড়ান্ত প্রসপেক্টাস এসইসিতে জমা দেয়।
এর আগে ২০০৮ সালের জুলাইয়ে জিপি প্রথমবার আইপিও আবেদন জমা দেয়। এরপর এসইসি শর্ত জুড়ে দিয়ে গ্রামীণ ফোনকে নতুন করে আবেদন জমা দিতে বলে।
অনুমোদনের জন্য এসইসি যে সব শর্ত দিয়েছিল তার মধ্যে ছিল- গ্রামীণফোনকে তার শেয়ারের ফেস ভ্যালু প্রতি শেয়ার ১ টাকা থেকে ১০ টাকায় পরিবর্তন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এইচএ/২০৪৫ ঘ.
bdnews24