ঢাকা, ১৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর মালিকানাধীন ব্যাংক ট্রাস্ট ব্যাংক লিমিটেড কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ১০ শতাংশ সুদে ঋণ দেবে।
সেইসঙ্গে ব্যাংকটি নারী উদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ঋণ দেবে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দ্রুত আনতে মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল উ আহমেদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, "বাংলাদেশ ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে আমরা আগামী সেপ্টেম্বর থেকে কৃষি ও এসএমই খাতে ১০ শতাংশ সুদে ঋণ বিতরণ করবো। একইসঙ্গে মহিলা উদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া শুরু হবে।"
ব্যাংকের ৪০ টি শাখা ও পাঁচটি এসএমই সেন্টার থেকে এ ঋণ বিতরণ করা হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের এ ঘোষণাকে ধন্যবাদ জানিয়ে দেশের সব বেসরকারি ব্যাংককে কৃষি ও এসএমই খাতে ১০ শতাংশ এবং নারী উদ্যোক্তাদের জন্য নয় শতাংশ সুদে ঋণ দেওয়ার আহ্বান জানান।
গভর্নর বলেন, "৭১'এর মহান মুক্তিযুদ্ধে যে সব মুক্তিযোদ্ধা অংশ নিয়েছিলেন তাদের ৭০ ভাগই কৃষক। তাদের সেই মহান ত্যাগের প্রতিদান হিসেবেই দেশের কৃষক সমাজ ও কৃষি খাতের দিকে আমাদের সবার নজর দেওয়া উচিত।"
তিনি আরও বলেন, "চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট ট্যাক্স কমানো হলেও বেসরকারি ব্যাংকগুলো ঋণের সুদের হার কমাচ্ছে না। অথচ ব্যাংকগুলো বলেছিল, করপোরেট ট্যাক্স কমালে তারা ঋণের সুদের হার কমাবে।"
গভর্নর বলেন, "কৃষিখাত ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে। বিশ্ব অর্থনীতির চলমান মন্দা সব দেশেই আঘাত আনলেও বাংলাদেশে এর তেমন নেতিবাচক প্রভাব পড়েনি।
"মূলতঃ কৃষিতে বাম্পার ফলন এবং অব্যাহতভাবে বাড়তে থাকা রেমিটেন্স বিশ্বমন্দার প্রভাব থেকে আমাদের অর্থনীতিকে মুক্ত রেখেছে।"
বিশ্বমন্দা মোকাবিলায় বিভিন্ন দেশের জন্য বাংলাদেশ একটি মডেল হতে পারে বলে মন্তব্য করেন আতিউর রহমান।
তিনি বলেন, "মধ্যপাচ্যে যেসব প্রবাসী কাজ করেন তারা তাদের আয়ের ৭০ ভাগই দেশে পাঠান। নিজেরা খেয়ে না খেয়ে খুব কষ্ট করে দেশে ডলার পাঠান তারা।
"আমাদের চেয়ে তারা বেশি দেশপ্রেমিক। আর এই প্রবাসীদের বেশিরভাগই কৃষকের সন্তান। বলা যায়, কৃষক আর কৃষকের ছেলেরাই আমাদের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। "
ওয়েস্টার্ন ইউনিয়নের মানি টান্সফার সেবা প্রদানে সহায়তা দিতে ট্রাস্ট ব্যাংক শহর ও শহরতলীতে ক্ষুদ্র ঋণপ্রদানকারী এনজিও শক্তি ফাউন্ডেশনকে সাব-এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। ইতিমধ্যে ট্রাস্ট ব্যাংকের ৪০টি শাখার পাশাপাশি শক্তি ফাউন্ডেশনের ১৪০টি শাখার মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি টান্সফার সেবা দিতে শুরু করেছে।
নতুন এ চুক্তির বিষয়ে ওয়েস্টার্ন ইউনিয়নের আবাসিক প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ কামালউদ্দিন বলেন, "বাংলাদেশের বাইরে অবস্থানরত সেনা সদস্যদের ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে ট্রাস্ট ব্যাংক একটি মহৎ কাজ করছে।
"বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে কর্মরত বিপুলসংখ্যক সেনা সদস্য এখন থেকে তাদের স্বজনদের কাছে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে দ্রুত, নির্ভরযোগ্য ও সুবিধাজনক উপায়ে অর্থ পাঠাতে পারবেন। ট্রাস্ট ব্যাংক ও শক্তি ফাউন্ডেশনের শাখাগুলোর মাধ্যমে সাধারণ জনগণও এ সেবা পাবে।"
শক্তি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হুমাইরা ইসলাম বলেন, "ওয়েস্টার্ন ইউনিয়নের মানি ট্রান্সফার সেবা চালু করার মাধ্যমে শক্তি ফাউন্ডেশন এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। আমাদের ক্রমবর্ধমান অন্যান্য সেবার পাশাপাশি দ্রুত রেমিট্যান্স প্রদান সুবিধাটিও যুক্ত হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/২২২৬ঘ.
bdnews24