২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছ শিল্প পার্ক তৈরির সম্ভাব্যতা যাচাই শুরু শিগগরিই

বিভিন্ন শিল্পের সমন্বয়ে একটি গুচ্ছ (ক্লাস্টার) শিল্প পার্ক তৈরির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শিগগিরই শুরু হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মমতাজ উদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিভিন্ন শিল্পের সমন্বয়ে একটি গুচ্ছ (ক্লাস্টার) শিল্প পার্ক তৈরির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শিগগিরই শুরু হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মমতাজ উদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, "আগামী দু সপ্তাহের মধ্যেই ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন (আইএফসি)-এর সঙ্গে এসএমই ফাউন্ডেশনের এ নিয়ে একটি চুক্তি হবে। এরপরই গুচ্ছ শিল্প পার্ক স্থাপনের সম্ভাব্যতা যাচাই কাজ শুরু হবে।" এ লক্ষ্যে বিশ্বব্যাংক গ্র"পের সদস্য আইএফসি'র একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর মমতাজ উদ্দিন আরও জানান, আইএফসি ও এসএমই ফাউন্ডেশন যৌথভাবে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবে এবং এ জন্য আইএফসি পাঁচ লাখ মার্কিন ডলার ব্যয় বহন করবে। মমতাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের লক্ষ্য প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল শিল্পকে একই শিল্পের মধ্যে নিয়ে আসা। কারণ এসব শিল্পের ধরণ প্রায় একই রকমের। তাই একই জায়গায় থাকলে এগুলো কারিগরি ও অবকাঠামোগত সুবিধা বেশি পাবে এবং অপেক্ষাকৃত কম দামে পণ্য দিতে পারবে।" বর্তমানে এ তিনটি শিল্প দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বেশির ভাগ হাল্কা ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে পুরনো ঢাকার ধোলাইখাল এলাকায়। বেশ কিছু দিন ধরেই এসব শিল্পের উদ্যোক্তারা একটি গুচ্ছ শিল্প পার্কের দাবি করে আসছেন। গুচ্ছ শিল্প পার্ক স্থাপনের ব্যাপারে এসএমই ফাউন্ডেশন ও আইএফসি গত জানুয়ারিতেই সমঝোতা স্মারকে সই করে। এদিকে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অর্থ সাহায্য দিতে রাজি হলেও আইএফসি এ পার্ক স্থাপনের জন্য কী পরিমাণ অর্থ বা তা কোন শর্তে দেবে তা এখনও পরিস্কার না। মমতাজ উদ্দিন আহমেদ বলেন, "সম্ভাব্যতা যাচাইয়ের পর বোঝা যাবে গুচ্ছ শিল্প পার্ক স্থাপনে কত অর্থ লাগবে। সরকারী তহবিল, আইএফসি, অন্যান্য উৎস থেকে কত অর্থ আসবে তা তখনই ঠিক করা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএইচ/এসকে/২০৩৩ঘ.