২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে সিসিটিতে আপাতত সাইফ পাওয়ারই থাকছে

চুক্তির মেয়াদ ফুরালেও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে (সিসিটি) উঠা-নামার কাজ সাময়িকভাবে সাইফ পাওয়ার টেককে দিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহণ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 08:47 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুক্তির মেয়াদ ফুরালেও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে (সিসিটি) উঠা-নামার কাজ সাময়িকভাবে সাইফ পাওয়ার টেককে দিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহণ মন্ত্রণালয়। নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান রোববার এ তথ্য জানিয়েছেন। বন্দরে সিসিটিতে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সাইফ পাওয়ার টেক এর সঙ্গে চুক্তির মেয়াদ শনিবার শেষ হয়। তবে দরপত্রে অনিয়মের অভিযোগ আসায় সর্বনিু দরদাতা প্রতিষ্ঠান এছাক ব্রাদার্সকে কাজ দেওয়া হচ্ছে না। নৌ পরিবহণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এ অনিয়ম তদন্ত করে এবং এছাক ব্রাদার্সকে কার্যাদেশ না দিয়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য পুনরায় দরপত্র ডাকার সুপারিশ করেছে। শাজাহান খান সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও এছাক ব্রাদার্সকে কাজ দেওয়া যাচ্ছে না। কারণ তাদের দরপত্রে অনিয়মের বিষয়ে তদন্ত চলছে। তাই আপাতত সাইফ পাওয়ার টেককেই কাজ চালিয়ে যেতে বলার সিদ্ধান্ত হয়েছে।" তিনি বলেন, "কন্টেইনার হ্যান্ডলিং কাজ দ্বিতীয় সর্বনিু দরদাতা কিংবা বন্দর কর্তৃপক্ষকে দিয়ে চালানো যায় কিনা, তা ভাবা হচ্ছে।" এ সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত করতে মাস খানেক সময় লাগবে বলে মন্ত্রী জানান। ফলে আগামী মাস পর্যন্ত সাইফ পাওয়ার টেকই চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনা করবে। যদিও প্রতিটি কন্টেইনার উঠা-নামায় সাইফ পাওয়ার ৫০৫ টাকা মাশুল নিচ্ছে। অন্যদিকে ৩৪০ টাকা মাশুলে কাজ নিতে সম্মত হয়েছিল এছাক ব্রাদার্স। সিসিটিতে প্রতিদিন ২ হাজার কন্টেইনার উঠা-নামা হয়। নৌমন্ত্রী এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, বন্দর কর্তৃপক্ষ ও বার্থ অপারেটরদের নিয়ে সমন্বিত একটি কমিটি গঠন করে তার মাধ্যমে কন্টেইনার ওঠা-নামা করানোর পরিকল্পনা তিনি করছেন। অনিয়মের মাধ্যমে অনভিজ্ঞ প্রতিষ্ঠান এছাক ব্রাদার্সকে কাজ দেওয়ার অভিযোগে সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিন এবং নৌ মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আট কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে। ঢাকায় নেদারল্যান্ডের নতুন রাষ্ট্রদূত আলফোনসো হ্যানিকেন্স রোববার সচিবালয়ে নৌমন্ত্রীর সঙ্গে দেখা করেন। দেশটি বাংলাদেশের নৌ খাত এবং জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে বলে শাজাহান খান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪৫৫ ঘ.