ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।
মঙ্গলবার বিকেলে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
সরকার চলতি ২০০৯-১০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, "কোনো প্রকল্প বাস্তবায়নে সরকারি কর্মকর্তারা গাফিলতি করছেন কিনা বা দুর্নীতির আশ্রয় নিচ্ছেন কিনা- পরিকল্পনা কমিশন তা কঠোরভাবে মনিটর করবে। যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় তাহলে ওই কর্মকর্তাকে চাকরিচ্যুত করতে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সরকারের কাছে অনুরোধ জানানো হবে।"
" দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না এবং চাকরিচ্যুতসহ কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে", বলেন এ কে খন্দকার।
তবে 'অনিচ্ছাকৃত বা ভুলবশতঃ' প্রকল্পের কাজে গাফিলতি করলে বা তার কারণে কাজের মান নেমে গেলে বিষয়টিকে নমনীয় দৃষ্টিকোণ থেকে দেখা হবে বলে জানান তিনি।
একে খন্দকার জানান, বাজেট পাসের পর পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে প্রকল্প বাস্তবায়নে সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানানো হয়েছিল। প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় মন্ত্রণালয়গুলোর সঙ্গে প্রতি তিন মাস পর পর বৈঠক করবে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বাস্তবায়নাধীন প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন করে প্রকল্পের সার্বিক পরিস্থিতি মন্ত্রণালয়কে অবহিত করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/২৩০১ঘ.
bdnews24