২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন বীমা কর্পোরেশনের 'অনলাইন ইন্স্যুরেন্স সিস্টেম' চালু

রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা কোম্পানি জীবন বীমা কর্পোরেশন (জেবিসি) 'অনলাইন ইন্স্যুরেন্স সিস্টেম' চালু করেছে। স্বচ্ছতা এবং তথ্যপ্রাপ্তি নিশ্চিতের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা কোম্পানি জীবন বীমা কর্পোরেশন (জেবিসি) 'অনলাইন ইন্স্যুরেন্স সিস্টেম' চালু করেছে। স্বচ্ছতা এবং তথ্যপ্রাপ্তি নিশ্চিতের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জেবিসি প্রাঙ্গণে এই অনলাইন ইন্স্যুরেন্স সিস্টেম উদ্বোধন করেন। (বিস্তারিত) উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার ক্ষেত্রে এক বিরাট পদক্ষেপ। আধুনিকায়ন একটি শিল্পের জন্য সবসময়ই অনেক সুযোগ এনে দেয়। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, গুণগত মানসম্পন্ন গ্রাহক সেবার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রধান বিষয়। বিশ্ব অর্থনীতিতে গতির সঞ্চার ও একে আরো দক্ষ করে তুলতে আইসিটি সাহায্য করেছে। বর্তমান বিশ্বে ব্যবসা-বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে আইসিটির ব্যবহার দ্রুতগতিতে বাড়ছে এবং বাংলাদেশ এক্ষেত্রে অনেক দেরি করে ফেলেছে, আর দেরি করা ঠিক হবে না। বিশেষ অতিথির বক্তব্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার পুঁজিবাজারে জীবন বীমা কর্পোরেশনের আরও বেশি অংশগ্রহণের ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, "আমরা আশা করি জীবন বীমা কর্পোরেশন মিউচুয়াল ফান্ড নিয়ে আসবে।" উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কাউসার জহুরা এবং চেয়ারম্যান রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএনএস/এইচএ/২১৩৮ ঘ.