২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্পশক্তির জন্য ২০০ কোটি টাকার তহবিল

সৌরশক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি ব্যবহারের লক্ষ্যে ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ওই তহবিলের অর্থে সৌরশক্তি, বায়োগ্যাস ও বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপন করা হবে। এর নাম দেওয়া হয়েছে 'সৌর শক্তি, বায়োগ্যাস ও বর্জ্য পরিশোধন প্ল্যান্ট খাতে পুনঃঅর্থায়ন স্কিম'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 05:50 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌরশক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি ব্যবহারের লক্ষ্যে ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ওই তহবিলের অর্থে সৌরশক্তি, বায়োগ্যাস ও বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপন করা হবে। এর নাম দেওয়া হয়েছে 'সৌর শক্তি, বায়োগ্যাস ও বর্জ্য পরিশোধন প্ল্যান্ট খাতে পুনঃঅর্থায়ন স্কিম'। কেন্দ্রীয় ব্যাংক এ তহবিল থেকে পাঁচ শতাংশ সুদে ব্যাংকগুলোকে ঋণ দেবে। ব্যাংকগুলো এই সুদের সঙ্গে সর্বোচ্চ আরও পাঁচ শতাংশ সুদ যোগ করে এই তিন খাতের উদ্যোক্তাদের ঋণ দেবে। এই তিন খাতের ঋণ কোনো অবস্থাতেই ১০ শতাংশের বেশি হবে না। সোমবার এ বিষয়ে একটি নীতিমালা চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালাটি সার্কুলার আকারে সোমবারই সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, শহর ও পল্লী এলাকায় গৃহস্থালী বা ব্যবসা প্রতিষ্ঠানে সৌরশক্তি প্যানেল স্থাপন, সৌর ফটোভোল্টেইক সংযোজন প্ল্যান্ট/শিল্প স্থাপন, গৃহস্থালী বা বাণিজ্যিকভিত্তিতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন/সমন্বিত গরুপালন এবং শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপনে ব্যাংকগুলোর অর্থায়নের বিপরীতে এ কর্মসূচীর অধীনে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়া হবে। কর্মসূচীর অধীনে সৌর প্যানেল স্থাপনে পল্লী এলাকার জন্য সর্বোচ্চ ৭০ হাজার টাকা এবং শহর এলাকার জন্য এক লাখ ৭৫ হাজার টাকা ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। গবাদি বা পল্লী খামারে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সর্বোচ্চ ৩৬ হাজার টাকা এবং সমন্বিত গরু পালন ও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। এছাড়া বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপনে (কেমিক্যাল ও বায়োলজিক্যাল ইটিপি) সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। সৌর ফটোভোল্টেইক সংযোজন প্ল্যান্ট বা শিল্প স্থাপনের ক্ষেত্রে সংযোজন ক্ষমতার ভিত্তিতে ঋণসীমা নির্ধারিত হবে। এছাড়া শহর এলাকায় সৌর প্যানেলের ক্ষমতা সর্বনিম্ন ১৭০ ওয়াট থেকে সর্বোচ্চ ৫২০ ওয়াট এবং পল্লী এলাকায় সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ১৩০ ওয়াট হবে বলেও নীতিমালায় বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এএনএস/এসকে/২৩৫৫ঘ.