ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ পর্যন্ত পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বেড়ে ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়াবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, দেশের সবচেয়ে বড় এ সেতু নির্মাণে অর্থায়ন নিয়ে কোনো সমস্যা হবে না। আগামী বছরের শুরুতেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। আর শেষ হবে বর্তমান সরকারের আমলেই।
বুধবার বিকেলে সচিবালয়ে দাতা সংস্থা বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট প্রকল্পগুলো নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুয়ায়ী, প্রথম দিকে পদ্মা সেতু নির্মাণে সবমিলিয়ে আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ১ দশমিক ২ বিলিয়ন ডলার। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এর ব্যয় বেড়ে দাঁড়ায় ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার।
পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় কতো হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "সুনির্দিষ্ট করে এখনও কিছু বলা যাচ্ছে না। তবে মনে হচ্ছে আগে যে হিসাব করা হয়েছিল তা থেকে ব্যয় কিছুটা বাড়বে। মোট ব্যয় ১ দশমিক ৮ থেকে ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার হবে বলে মনে হচ্ছে।"
তিনি জানান, চলতি বছরের অক্টোবরের মধ্যে পদ্মা সেতু নির্মাণে দাতা সংস্থাগুলোর অর্থায়ন, জমি অধিগ্রহন, নকশা চূড়ান্তসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করা হবে। এরপর বছরের শেষের দিকে দরপত্র আহ্বান করা হবে। আগামী বছরের শুরুতেই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই প্রয়োজনীয় এ সেতরু নির্মাণ কাজ শুরু করা হবে।
মুহিত বলেন, "পদ্মা সেতুর দুটি ডিজাইন (নকশা) আমাদের (সরকার) হাতে এসেছে। একটি কংক্রিট, আর অপরটিতে স্টিল দিয়ে নির্মাণের কথা বলা হয়েছে। কংক্রিট দিয়ে সেতু নির্মাণ করা হলে খরচ বেশি হবে। আর স্টিল দিয়ে নির্মাণ করা হলে খরচ কিছুটা কম পড়বে। দুটি ডিজাইনেই রেল লাইন স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে।"
লিড ডোনার এডিবি নকশা দুটি তৈরি করেছে বলে জানান তিনি।
পদ্মা সেতু নির্মাণে অর্থায়নে কোনো সমস্যা হবে না জানিয়ে মুিহত বলেন, "তিন দাতা সংস্থার (বিশ্বব্যাংক, এডিবি ও আইডিবি) কাছ থেকে এ সেতু নির্মাণে যে ঋণ-সহায়তা পাওয়া যাবে তার বাইরে আর ৫০০ মিলিয়ন ডলারের মতো প্রয়োজন হবে। এই অর্থ অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হবে। বাজারে বন্ড ছাড়ার মাধ্যমে এ অর্থ সংগ্রহের চিন্তাভাবনা করা হচ্ছে। দেশের সাধারণ মানুষ এবং প্রবাসী বাংলাদেশীদের (এনআরবি) জন্য এই বন্ড ছাড়া হবে।"
তবে বন্ড ছাড়ার মাধ্যমে ৫০০ মিলিয়ন ডলার সংগ্রহের চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে হবে বলে জানান তিনি।
যেগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদ্মা সেতু নির্মাণে 'লিড ডোনার' এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৩৫০ মিলিয়ন ডলার ঋণ-সহায়তা দেবে। বিশ্বব্যাংক দেবে ৩০০ মিলিয়ন ডলার। ইসলামী উন্নয়ন ব্যাংকও ৩০০ মিলিয়ন ডলার দেবে বলে আগে প্রতিশ্র"তি দিয়েছিল। কিন্তু এখন তারা ১৫০ মিলিয়ন ডলার দেবে বলে জানিয়েছে।
পদ্মা সেতু নির্মাণে আরও বাড়তি অর্থের প্রয়োজন হলে যমুনা সেতুর মতো 'সারচার্জ' আরোপ করা হবে কিনা- এ প্রশ্নের উত্তরে মুহিত জানান, বাজারে বন্ড ছাড়ার বাইরে 'সারচার্জ' আরোপের বিষয়টি নিয়েও ভাবা হচ্ছে। তবে এ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে।
জ্বালানি খাতের উন্নয়নে মহাপরিকল্পনা
অর্থমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ খাতের উন্নয়নে একটি মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। বিশ্বব্যাংক ও এডিবি'র কাছ থেকে এ সব খাতের বিভিন্ন প্রকল্পে সহায়তার আশ্বাস পাওয়া গেছে। বিদ্যৎ ও জ্বালানি মন্ত্রণালয় এ পরিকল্পনা প্রণয়ন করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছে। খুব শিগগিরই এটি চূড়ান্ত করা হবে।
এছাড়া পানি সম্পদ খাতের উন্নয়নেও একটি মহাপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানান মুহিত।
এ প্রসঙ্গে তিনি বলেন, গত সাত বছর এ খাতের উন্নয়নে কিছুই হয়নি। দেশের নদীগুলোর নাব্যতা নেই, পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা নেই। এ সব বিবেচনায় রেখে নদীতে ড্রেজিং করে নাব্যতা বৃদ্ধি, পানি নিষ্কাশসের সুষ্ঠু ব্যবস্থাসহ বিভিন্ন প্রকল্প এ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। বিশ্বব্যাংক এসব প্রকল্প বাস্তবায়নে সহায়তা দেবে।
অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, অর্থসচিব মোহাম্মদ তারেকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২১৩০ ঘ.
bdnews24