২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফ বাংলাদেশকে কম সুদে ঋণ দিতে চায়: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে সহজ শর্তে (কম সুদে) ঋণ দিতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে সহজ শর্তে (কম সুদে) ঋণ দিতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পত্রিকায় এ মর্মে একটি খবর প্রকাশিত হলেও আইএমএফ বাংলাদেশ থেকে তাদের অফিস গুটিয়ে নিচ্ছে না বলেও জানান তিনি। বুধবার বিকেলে সচিবালয়ে সফররত আইএমএফ বাংলাদেশ ডিভিশনের প্রধান মাসাতো মিয়াজাকির সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, "আইএমএফ এতদিন বিভিন্ন দেশকে কঠিন ঋণ (বেশ সুদে) দিত। কিন্তু এখন তারা দশমিক ০২৫ শতাংশ সুদে বাংলাদেশকে ঋণ দিতে চায়।" আইএমএফ প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে অর্থমন্ত্রী জানান, তিনি বলেছেন- বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণ সময়মতো পরিশোধের ব্যাপারে বাংলাদেশের সুনাম আছে। এ কারণে তারা বাংলাদেশকে একেবারে কম সুদে ঋণ দিতে চান। বাংলাদেশের লেনদেনের ভারসাম্য ইতিবাচক এ অভিমত দিয়ে আবুল মুহিত বলেন, "বিশ্ব অর্থনীতির চলমান মন্দা সত্ত্বেও আমাদের ব্যালান্স অব পেমেন্ট ইতিবাচক। আইএমএফ দারিদ্র্য বিমোচন প্রবৃদ্ধি সহায়তার (পিআরজিএফ) আওতায় বিভিন্ন দেশকে ঋণ দিয়ে থাকে। কিন্তু এখন আমাদের সে ঋণের প্রয়োজন নেই। এখন আমাদের জ্বালানি খাতের উন্নয়নের জন্য সহায়তা প্রয়োজন।" জ্বালানি খাতে আইএমএফ কিভাবে সহায়তা করবে- জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, "বেসরকারি পর্যায়ে গ্যাস ও বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্পে আইএমএফের ঋণ নেওয়া যেতে পারে। কম সুদে এ খাতে ঋণ পাওয়া গেলে আমাদের জন্য ভালো হবে।" বিষয়টি নিয়ে আইএমএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাচেনা করা যেতে পারে বলে জানান তিনি। বাংলাদেশ থেকে আইএমএফ তাদের অফিস গুটিয়ে নিচ্ছে- একটি শীর্ষ দৈনিকে প্রকাশিত এমন প্রতিবেদনের সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি খবরটি সত্য নয় বলে জানিয়ে বলেন, "আইএমএফ বাংলাদেশ থেকে তাদের অফিস গুটিয়ে নিচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এএল/এসকে/২২১৩ঘ.