২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রানীতিতে ক্ষুদ্র অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নেই: সিপিডি

বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিতে ক্ষুদ্র অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিতে ক্ষুদ্র অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সিপিডি বলছে, কেন্দ্রীয় ব্যাংক কৃষক ও গরিব মানুষের কাছে ঋণ পৌঁছে দেওয়ার ব্যাপারে যথেষ্ট সংবেদনশীলতা দেখিয়েছে বলে এ ব্যাপারটি আশ্চর্যজনক। প্রতিষ্ঠানটির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৭-০৮ অর্থবছর শেষে বেসরকারি খাতে মোট ঋণ প্রবাহের ৭ দশমিক ১ শতাংশই ছিল ক্ষুদ্রঋণ যা মোট দেশজ উৎপাদনের ২ দশমিক ১ শতাংশ। গত রোববার কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত মুদ্রানীতির ওপর এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দেবপ্রিয় ভট্টাচার্য এসব বিষয় তুলে ধরেন। তবে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ওই মুদ্রানীতিকে 'সুসমন্বিত' আখ্যা দিয়ে দেবপ্রিয় বলেন, "আমরা বাংলাদেশ ব্যাংকের মূল নির্দেশনাগুলোতে দ্বিমত করছি না।" তবে সিপিডি'র মতে, মেয়াদি শিল্পঋণ নিয়ে ঘোষিত মুদ্রানীতিতে কিছু বলা হয়নি। দেবপ্রিয় বলেন, "শিল্পঋণ এ খাতের প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে যা মোট দেশজ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা নিশ্চিত করবে।" কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে এটি মুদ্রানীতিকে আরো কার্যকর করবে বলেও মনে করেন তিনি। ২৩ হাজার ৫শ' ৮৬ কোটি টাকা শ্রেণীভুক্ত ঋণের ১১ দশমিক ১২ শতাংশই অনাদায়ী রয়ে গেছে উল্লেখ করে সিপিডি ফেলো বলেন, "এ কারণে বাংলাদেশ ব্যাংকের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।" ব্যাংকগুলোকে তাদের ঋণের ওপর সুদের হারের সীমা ১৩ শতাংশ বেধে দেওয়া 'সময়োপযোগী' হয়েছে বলে অভিমত দিয়ে দেবপ্রিয় বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপের কারণে স্থায়ী আমানতের ওপর সুদের হার ১ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। আগামীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সম্ভাবনার বিষয়ে সতর্ক করেন দেবপ্রিয়। তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে গত জানুয়ারি মাস থেকেই তেলের দাম বাড়ছে... এটি বর্তমানে ৬০ থেকে ৬৫ ডলার এবং বছর শেষে অথবা আগামী বছরের শুরুতে ৮০ ডলারে পৌঁছতে পারে।" বাংলাদেশ ব্যাংকের কৃষি উৎপাদনে চার দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে খুবই চ্যালেঞ্জিং বলে মনে করে সিপিডি। দেবপ্রিয়র আশঙ্কা, "প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয়গুলো উৎপাদনের লক্ষ্যমাত্রায় ব্যাঘাত ঘটাতে পারে।" বাংলাদেশ ব্যাংক এক অর্থবছরে দুটি মুদ্রানীতি ঘোষণা করে থাকে। এবারের মুদ্রানীতি জুলাই-ডিসেম্বর মেয়াদের। ২০১১ সালের জানুয়ারি মাসে ঘোষণা করা হবে জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২২৫১ঘ.