২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের রাজস্ব আয় শতকরা ১০ ভাগ বেড়েছে

গ্রামীণফোন লিঃ ২০০৯ এর দ্বিতীয় কোয়ার্টারে ১৬২৮ কোটি টাকা রাজস্ব আয় করেছে। ২০০৮ এর একই সময়ের তুলনায় এ বছর রাজস্ব বেড়েছে শতকরা ১০ ভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন লিঃ ২০০৯ এর দ্বিতীয় কোয়ার্টারে ১৬২৮ কোটি টাকা রাজস্ব আয় করেছে। ২০০৮ এর একই সময়ের তুলনায় এ বছর রাজস্ব বেড়েছে শতকরা ১০ ভাগ। বৃহস্পতিবার গ্রামীণ ফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রধানতঃ কোম্পানির গ্রাহক সংখ্যা বৃদ্ধি, উচ্চ গড় মূল্য (এপিপিএম) এবং ২০০৮ এর চতুর্থ কোয়ার্টার থেকে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডবি−উ) চালু হবার কারণে ইন্টারকানেকশন রাজস্ব বাড়ায় ঘোষিত রাজস্ব আয়ে এই প্রবৃদ্ধি ঘটেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে স্থানীয় আন্তঃসংযোগ কলের ফি হ্রাস পাওয়ায় আয় কিছুটা কম হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় কোয়ার্টারের অর্থনৈতিক ফলাফলে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল সন্তোষ প্রকাশ করে বলেছেন, "আমার ধারণা, রাজস্ব আয় বৃদ্ধির এই প্রবণতা প্রমাণ করে যে আমাদের পরিচালনা পরিষদ অর্থনৈতিক স্থবিরতার মধ্যেও সঠিক সময়ে সঠিক পরিবর্তন করতে আগ্রহী।" এবছরের নতুন করে বিনিয়োগকৃত ৪৮০ কোটি টাকা সহ গ্রামীণফোনের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৪০০ কোটি টাকা। গ্রামীণফোন বর্তমান গ্রাহক প্রবৃদ্ধি ও ট্রাফিকের পরিমাণের সঙ্গে তার নেটওয়ার্ক সংক্রান্ত বিনিয়োগ সমন্বয় করেছে। দ্বিতীয় কোয়ার্টারে গ্রামীণফোন পরিবারে ১০৬,০০০ নতুন গ্রাহক যুক্ত হলেও মার্কেট শেয়ার সামান্য কমে শতকরা ৪৫ ভাগ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২০৩১ঘ.