ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ছয় মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। 'সঙ্কুলানমুখী' এ মুদ্রানীতিতে বিনিয়োগ বাড়াতে প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থ যোগানের কথা বলা হয়েছে।
নতুন মুদ্রানীতিতে চলতি ২০০৯-১০ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি প্রবৃদ্ধি) হার ধরা হয়েছে ৬ শতাংশ। আর অর্থবছর শেষে গড় বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে দাঁড়াবে বলে প্রত্যাশা করা হয়েছে।
রোববার দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আতিউর রহমান। ঘোষিত মুদ্রানীতিকে এক কথায় 'সঙ্কুলানমুখী' মুদ্রানীতি হিসেবে অভিহিত করেছেন তিনি।
উদ্বৃত্ত রিজার্ভ থেকে বিনিয়োগ প্রসঙ্গে নতুন মুদ্রানীতিতে বলা হয়, বিশ্ব অর্থনীতির চলমান মন্দার পরিপ্রেক্ষিতে দেশের অর্থনীতির প্রকৃত খাতে প্রবৃদ্ধির গতিশীলতা সুরক্ষার লক্ষ্যে ঋণযোগানের সুলভ ধারা চলতি ২০০৯-১০ অর্থবছরেও বজায় রাখা হবে।
মন্দায় ক্ষতিগ্রস্ত খাতগুলোর পাশাপাশি কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণ প্রবাহ বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া হবে। প্রয়োজনে বিদায়ী ২০০৮-০৯ অর্থবছরের পুঞ্জিভূত উচ্চমাত্রার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০০৯-১০ অর্থবছরে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা হবে।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, "আমাদের মূল লক্ষ্য আরও বেশি বিনিয়োগ। টাকা আছে, তবে ভালো বিনিয়োগে ব্যবহার করা হবে না- এ নীতিতে আমরা বিশ্বাসী নই।
"ভালো বিনিয়োগ পাওয়া গেলে অবশ্যই সে বিনিয়োগের টাকা কেন্দ্রীয় ব্যাংক যোগান দেবে। প্রয়োজনে রিজার্ভ থেকে ভালো বিনিয়োগকারীদের অর্থ যোগান দেওয়া হবে।"
কী পরিমাণ রিজার্ভ রেখে উদ্বৃত্ত অর্থ বিনিয়োগ করা হবে- জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র পরামর্শক ও সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমী বলেন, "কেন্দ্রীয় ব্যাংকে বর্তমানে যে রিজার্ভ আছে তা খুবই সন্তোষজনক। প্রয়োজনীয় আমদানি ব্যয় মিটিয়েও একটা বড় অংশ উদ্বৃত্ত থাকবে। এই উদ্বৃত্ত রিজার্ভ উৎপাদনশীল খাতে বিনিয়োগ করা যেতে পারে।"
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৭৪৫ কোটি ৫৫ লাখ (৭ দশমিক ৪৫ বিলিয়ন) ডলার। যা দিয়ে প্রায় ছয় মাসের বেশি আমদানি ব্যয় মোটানো সম্ভব।
আন্তর্জাতিক মান অনুযায়ী যে কোনও দেশে তিন মাসের আমদানির সমপরিমাণ রিজার্ভ মজুদ থাকতে হয়।
উদ্বৃত্ত রিজার্ভ কীভাবে বিনিয়োগ করা হবে- জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা নিয়ে কোনও সমস্যা হবে না। ঋণ হিসেবে উদ্বৃত্ত রিজার্ভ বিনিয়োগে ব্যবহার করা হবে।"
নতুন মুদ্রানীতির বিভিন্ন দিক ব্যাংখ্যা করে গভর্নর বলেন, "এবারের মুদ্রানীতির মূল লক্ষ্য হচ্ছে- মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রেখে টেকসই এবং উচ্চ উৎপাদন প্রবৃদ্ধিতে সহায়তা করা। সম্ভাবনাময় এবং উৎপাদনশীল খাতে, বিশেষ করে কৃষি ও এসএমই খাতে অধিক মাত্রায় ঋণ প্রবাহ নিশ্চিত করা এবং দেশের বৃহত্তম জনগোষ্ঠীর সব শ্রেণীর মানুষের অন্তর্ভুক্তি বিস্তৃত করে প্রবৃদ্ধির পরিমাণগত মাত্রার সঙ্গে গুণগত মানও উন্নততর করা।"
এছাড়া মুদ্রানীতির হাতিয়ারগুলো, বিশেষ করে ব্যাংক ঋণের সুদের হার যৌক্তিকীকরণ এবং আর্থিক সেবার চার্জ/ফিস হারকে আরও নিুমুখী করতে পরামর্শমূলক নির্দেশনার পরিবর্তে প্রয়োজনে বাধ্যতামূলকভাবে অনুসরণীয় নির্দেশনা প্রদানের ব্যবস্থা অব্যাহত রাখা হবে বলে জানান গভর্নর।
একইসঙ্গে বিশ্বমন্দার প্রভাব সত্ত্বেও রপ্তানি প্রবৃদ্ধির ধারা এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহের ঊর্ধ্বগতি ধরে রাখাও নতুন মুদ্রানীতির অন্যতম উদ্দেশ্য বলে জানান আতিউর রহমান।
তিনি বলেন, "নতুন মুদ্রানীতিতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারি খাতের ঋণ প্রয়োজন সঙ্কুলানের পাশাপাশি বেসরকারি খাতের ঋণ চাহিদাও পর্যাপ্তভাবে সঙ্কুলানের ব্যবস্থা রাখা হয়েছে।
"অন্যদিকে টাকার বিনিময় হারের প্রতিযোগিতামূলক অবস্থান যেন দুর্বল না হয় সে ব্যাপারেও বিশেষ লক্ষ রাখা হয়েছে।"
নতুন মুদ্রানীতিতে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটের কথা উল্লেখ করে বলা হয়েছে, গ্যাস ও বিদ্যুৎ যোগানসহ অবকাঠামোগত অপ্রতুলতা কাক্সিক্ষত প্রবৃদ্ধির জন্য গুরুতর প্রতিবন্ধক। বাস্তবায়নাধীন অবকাঠামো প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হলে এবং চলতি বাজেটে ঘোষিত সরকারি-বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে দেশের অর্থনীতির প্রবৃদ্ধির প্রত্যাশাপূরণে সহায়ক হবে।
ঘোষিত মুদ্রানীতিকে এক কথায় কী বলা যায়- স
bdnews24