২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে মূল্য পরিস্থিতি সামাল দিতে ভোজ্যতেল কেনা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

রমজানে মূল্য পরিস্থিতি সামাল দিতে সরকার টিসিবির মাধ্যমে ২৫ হাজার মেট্রিক টন ভোজ্যতেল কেনার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, "রমজানে ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। কাঁচা মরিচের দাম বেড়েছে বৃষ্টির অভাবে উৎপাদন কম হওয়ায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমজানে মূল্য পরিস্থিতি সামাল দিতে সরকার টিসিবির মাধ্যমে ২৫ হাজার মেট্রিক টন ভোজ্যতেল কেনার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, "রমজানে ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। কাঁচা মরিচের দাম বেড়েছে বৃষ্টির অভাবে উৎপাদন কম হওয়ায়।" শনিবার সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায় প্রাইম এডিবল অয়েল লিমিটেডের ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। বাজারের চেয়ে কম মূল্যে টিসিবি ভোজ্যতেল বিক্রি করবে জানিয়ে তিনি বলেন, "আগামী ২৮ জুলাই থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রাইম এডিবল অয়েল লিমিটেড উৎপাদিত মূল্যে সাড়ে ১২ হাজার মেট্রিক টন ভোজ্যতেল টিসিবিকে সরবরাহ করবে। এতে প্রতিকেজির দাম পড়বে ৫৭ টাকা। তবে বিক্রয়মূল্য নির্ধারণ করবে টিসিবি।" ফারুক খান বলেন, "বিশ্বমন্দা ও পরিবেশগত কারণে মাঝে মাঝে দু'একটি জিনিসের দাম ওঠানামা করে। সেইসঙ্গে ব্যবসায়ীদেরও কারসাজি রয়েছে।" তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক ব্যবসায়ীকে হয়রানি করা হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে ভীতি সৃষ্টি হওয়ায় জিনিসপত্রের দাম বেড়েছে।" প্রাইম এডিবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান মো. জাকারিয়ার সভাপতিত্বে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১২ ঘ.