ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার আরও শক্তিশালী না হলে দেশে বিনিয়োগ বাড়বে না বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার শেরে বাংলা নগরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, "পুঁজিবাজারকে আরও শক্তিশালী ও গভীর করা না গেলে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের যে দুর্বলতা আছে তা কাটবে না।"
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, "অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় দুটি দুর্বলতা হচ্ছে- বিনিয়োগের ক্ষেত্রে আমরা এগুতে পারছি না। আর অনেক চেষ্টা করেও ব্যাংক ঋণের সুদের হার কমানো যাচ্ছে না।
"মূল্যস্ফীতির সঙ্গে ব্যাংক ঋণের সুদের হার সরাসরি সম্পর্কিত। যখন মূল্যস্ফীতি ২ শতাংশ ছিল তখন ব্যাংক ঋণের সুদের হার যা ছিল, মূল্যস্ফীতি ১২ শতাংশে উঠার পরও সুদের হার তাই ছিল। কিন্তু প্রকৃতপক্ষে সেটা হওয়ার কথা নয়। মূল্যস্ফীতি কমলে ঋণের সুদের হার কমবে এটাই স্বাভাবিক।"
বিআইডিএস-এর মহাপরিচালক মুস্তফা কামাল মুজেরীর সভাপতিত্বে 'বাংলাদেশের মুদ্রা বিনিময় হার ব্যবস্থাপনা'-শীর্ষক সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-এর প্রধান নির্বাহী এম এ তসলিম, বিআইডিএস-এর গবেষণা পরিচালক জাহেদ বখত, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রমুখ।
সেমিনারে যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএস-এর গবেষক মনজুর হোসেন ও মনছুর আহমেদ।
মূল প্রবন্ধে বিশ্ব অর্থনীতির মন্দার ক্ষতি পুষিয়ে দিতে রপ্তানি খাতকে সহায়তা দিতে টাকার বিনিময় হারের কিছুটা অবমূল্যায়নের সুপারিশ করা হয়।
কিন্তু অর্থমন্ত্রীসহ সেমিনারে অংশ নেওয়া সব বক্তা এ প্রস্তাব নাকচ করে দেন।
মুহিত বলেন, "অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দেশের মতো আমিও ভেবেছিলাম মার্কিন ডলারসহ অন্যান্য মুদ্রার বিপরীতে আমাদের টাকার মান কিছুটা কমানো যেতে পরে। কিন্তু সে সময় দায়িত্বে থাকা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দেশের আমদানি-রপ্তানিসহ অন্যান্য দিক বিচার-বিশ্লেষণ করে এ ধরনের চিন্তা করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন।
"আমি তার সঙ্গে (সাবেক গভর্নর) একমত পোষণ করে বিষয়টি নিয়ে আর ভাবিনি। এখনও আমি মনে করি মন্দায় রপ্তানি খাতকে সহায়তার জন্য টাকার মান না কমিয়ে প্রণোদনামূলক সহায়তা দিলেই ভালো ফল পাওয়া যাবে।"
সালেহউদ্দিন আহমেদ বলেন, টাকার অবমূল্যায়ন করা হলে হিতে বিপরীত হতে পারে। আমদানি ব্যয় বেশি পড়বে। মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। এর বাইরে ব্যবসার খরচ কিভাবে কমানো যায়, ব্যাংক ঋণের সুদের হার কিভাবে কমানো যায়-সেসব বিষয়েই বেশি নজর দেয়া উচিত।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর বলেন, "আইএমএফ আমাকে টাকার অবমূল্যায়নের জন্য নানাভাবে পরামর্শ দিয়েছিল। কিন্তু আমি (কেন্দ্রীয় ব্যাংক) দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আইএমএফের সে পরামর্শ শুনিনি।"
স্থানীয় কোনো গবেষকের আইএমএফের মতো পরামর্শ দেওয়া সমীচিন নয় বলেও মন্তব্য করেন তিনি।
এম এ তসলিম বলেন, "চার বছর ধরে আমাদের মুদ্রার বিনিময় হার স্থিতিশীল অবস্থায় রয়েছে। লেনদেনের ভারসাম্য (ব্যালান্স অব পেমেন্ট) ইতিবাচক। আমদানি ব্যয় কমছে। রেমিটেন্স প্রবাহ ভালো।
"রপ্তানি আয়ে এখনও নেতিবাচক প্রভাব পড়েনি। এ অবস্থায় টাকার মান কমানোর খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের একটি স্বচ্ছ বিনিময় হার নীতিমালা থাকা প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২২৩০ ঘ.
bdnews24