২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ব্যবসা শুরু করলো যুক্তরাষ্ট্রের ফোর্ড মোটরস

বাংলাদেশে ব্যবসা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফোর্ড মোটরস। সোমবার রাতে উত্তরার আব্দুল্লাহপুরে ফোর্ড সেন্টারে কোম্পানিটির বিক্রয় ও সেবা কেন্দ্রের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বাংলাদেশের আনোয়ার গ্রুপের এজি অটোমোবাইলস লিমিটেড বিক্রয় কেন্দ্রটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 05:52 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, ১৩ জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ব্যবসা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফোর্ড মোটরস। সোমবার রাতে উত্তরার আব্দুল্লাহপুরে ফোর্ড সেন্টারে কোম্পানিটির বিক্রয় ও সেবা কেন্দ্রের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বাংলাদেশের আনোয়ার গ্রুপের এজি অটোমোবাইলস লিমিটেড বিক্রয় কেন্দ্রটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাণিজ্য মন্ত্রী অনুষ্ঠানে বলেন, "ফোর্ড বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। এ ধরণের বিশ্বস্ত ও শক্তিশালী সহযোগীর জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়বে।" বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ফোর্ড মোটরসের সংশ্লিষ্টতার উল্লেখ করে ফারুক খান প্রতিষ্ঠানটিকে এদেশের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড বিশেষ করে শ্রমিক ও দরিদ্রদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ও আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন খালেদ বক্তব্য দেন। বিংশ শতকের শুরুতে হেনরি ফোর্ডের প্রতিষ্ঠিত এ কোম্পানি বাণিজ্যিক ভিত্তিতে গাড়ি উৎপাদনকারীদের পথিকৃৎ। এটি বিক্রির হিসেবে বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ি নির্মাতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২৩৫৫ঘ.