২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ কিস্তিতে বকেয়া পরিশোধে অ্যামটব-অ্যাপব সমঝোতা

আন্তঃসংযোগ বিল বাবদ বকেয়া ১৮ কিস্তিতে পরিশোধের ওয়াদা করে মোবাইল ফোন অপারেটরের সঙ্গে টানাপোড়েনের অবসান ঘটিয়েছে বেসরকারি পিএসটিএন অপারেটররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 03:04 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃসংযোগ বিল বাবদ বকেয়া ১৮ কিস্তিতে পরিশোধের ওয়াদা করে মোবাইল ফোন অপারেটরের সঙ্গে টানাপোড়েনের অবসান ঘটিয়েছে বেসরকারি পিএসটিএন অপারেটররা। বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মধ্যস্ততায় দ্বিতীয় দিনের মত ত্রিপক্ষীয় বৈঠকে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব এবং পিএসটিএন অপারেটরদের সংগঠন অ্যাপব-এর মধ্যে এ সমঝোতা হয়। অ্যামটব-এর প্রেসিডেন্ট জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। অ্যাপব সদস্যরা কথা দিয়েছেন টাকা শোধ দেবেন।" তিনি বলেন, "দেনা শোধ করার জন্য ১৮টি কিস্তি করে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে কিস্তি পরিশোধ শুরু হবে।" অ্যাপবের আব্দুর রউফ চৌধুরী বলেন, "১৮ কিস্তিতে টাকা দেওয়ার একটি সমঝোতা হয়েছে।" পাওনা আদায়ে অ্যামটব মঙ্গলবার হুমকি দেয়, বৃহস্পতিবারের মধ্যে পাওনা শোধ না করলে তারা আন্তঃযোগ বন্ধ করে দেবে। এজন্য বিটিআরসিকে চিঠি দিয়ে অনুমতি চাওয়া হয়। তবে শেষ মুহূর্তের সমঝোতায় সংযোগ বহাল রইল। ফলে পিএসটিএন গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হল না। এর আগে বুধবার বিটিআরসি ত্রিপক্ষীয় বৈঠক ডাকলেও তা ফলপ্রসূ হয়নি। বিটিআরসি মূলত সমঝোতাকারীর ভূমিকায় ছিল বলে জানিয়েছেন বিটিআরসি কর্মকর্তারা। বর্তমানে পিএসনটিএন অপারেটরদের কাছে মোবাইলফোন অপারেটরদের ৪৮ কোটি ৬৩ টাকা পাওনা রয়েছে। অ্যামটব সূত্র জানায়, সবচেয়ে বড় পাওনাদার দেশের বৃহত্তম মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন। অন্যদিকে সবচেয়ে বড় দেনাদার অ্যাপব সভাপতি রউফ চৌধুরীর র‌্যাংকস টেল। বর্তমানে দেশে ১১টি পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক- পিএসটিএন অপারেটর সেবা দিচ্ছেন। মোবাইল ফোন অপারেটরের সংখ্যা ৬টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/২১০৫ ঘ.