সাভার, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম গ্র"পে'র সোয়েটার কারখানায় আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা কমপক্ষে ১৬ শ' জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
দ্যাট'স ইট নীট ওয়্যার লিমিটেড নামের ওই সোয়েটার কারখানার নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম বাদী হয়ে রোববার গভীর রাতে আশুলিয়া থানায় মামলাটি (নম্বর-১৫) করেন।
গত সোমবার আশুলিয়া এলাকায় শ্রমিক বিক্ষোভের সময় কারখানাটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর একদিন আগে আশুলিয়ার জামগড়া এলাকার এস সুহি নামের একটি পোশাক কারখানায় আনসারের গুলিতে একজন শ্রমিক নিহত হন। এ ঘটনায় পরদিন শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যান আরেক শ্রমিক।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদী অভিযোগ করেছেন ১৫/১৬ শ' অজ্ঞাত পরিচয় বহিরাগত শ্রমিক কারখানার মূল ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে তারা নিরাপত্তা প্রহরীদের মারধর করে পেট্রোল দিয়ে কারখানা এবং গুদামে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া তারা বেশ কয়েকটি গাড়িও পুড়িয়ে দেয়।
ওসি জানান, আগুনে ৪৮ কোটি ৭ লাখ ৮৫ হাজার ৯ শ' ৬৭ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরির্দশক গোলাম মাসুদ জানান, আশুলিয়া থানা এলাকায় রাতে অভিযান চালানো হবে। সন্দেহভাজন শ্রমিকদের গ্রেপ্তার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৯ ঘ.
bdnews24