ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল রাখতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। কেউ যাতে বিভ্রান্তি ছড়িয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে সে জন্যও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার রাজধানীর মীরপুরে কেন্দ্রীয় ব্যাংকের ট্রেনিং একাডেমীতে কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।
এ সময় বিনিয়োগকারীদের হুজুগের বদলে যাচাই-বাছাই করে পুঁজিবাজারে বিনিয়োগ করারও আহ্বান জানান তিনি।
বাজেট পাস হওয়ার পর দেশের দুই পুঁজিবাজারে লেনদেন ও মূল্যসূচক ঊর্ধ্বমুখী হওয়ার প্রসঙ্গ তুলে গভর্নর বলেন, "পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ আগের তুলনায় অনেক বেড়েছে। বাজারে আস্থা ফিরে এসেছে। এ কারণেই বিনিয়োগকারীরা বাজারের দিকে বেশি ঝুঁকেছে।
"তবে এই বাজার যাতে কোনও অবস্থায় অস্থিতিশীল হয়ে না ওঠে এবং কোনও ধরনের কারসাজি না হয় সেদিকে সংশ্লিষ্ট সবার সতর্ক থাকতে হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে পুরো বাজার পরিস্থিতি কঠোরভাবে মনিটর করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকেরও দায়িত্ব রয়েছে। সতর্ক থাকতে হবে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকেও।"
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দিকে কড়া নজর রাখা হবে বলে জানান তিনি।
আতিউর বলেন, "আমাদের সবার পুঁজিবাজার নিয়ে সতর্ক থাকতে হবে। কেউ যাতে বিভ্রান্তি ছড়িয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে সেদিকে যেমন সতর্ক থাকতে হবে, তেমনি বাজারে কোনও ধরনের দূরভিসন্ধিমূলক অনিয়ম-অবিচার-অন্যায় কাজ হচ্ছে কি না সেদিকেও সজাগ থাকতে হবে।"
গভর্নর জানান, কৃষি উৎপাদন বাড়াতে এবার কৃষি ঋণের পরিমাণ অনেক বাড়ানো হবে। আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে চলতি ২০০৯-১০ অর্থবছরের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এসকে/১৯৪২ঘ.
bdnews24