২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ভাংচুরের পেছনে চক্রান্ত রয়েছে: বাণিজ্যমন্ত্রী

সাভারের আশুলিয়ায় সমপ্রতি পোশাক শিল্প কারখানা ভাংচুরের যে ঘটনা ঘটেছে, তার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে আবারও বলেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 09:15 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সাভারের আশুলিয়ায় সমপ্রতি পোশাক শিল্প কারখানা ভাংচুরের যে ঘটনা ঘটেছে, তার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে আবারও বলেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। রোববার রাজধানীতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, "সরকার নীতি সহায়তা দিচ্ছে, মালিকরা কাজ করছেন, ক্রেতা ধরছেন, শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করছেন; কিন্তু তারপরও ভাংচুর হচ্ছে। এর পিছনে চক্রান্ত ও ষড়যন্ত্র রয়েছে।" ফারুক খান শনিবার আশুলিয়ায় এক মতবিনিময় সভায়ও ষড়যন্ত্রের কথা বলেন। ফারুক খান বলেন, "গত ক'দিন যেসব কারখানা ভাংচুর হয়েছে, তার বেশিরভাগ কমপ্ল্যায়েন্স (শ্রমিক বান্ধব) কারখানা। এসব কারখানার শ্রমিকরা ভাংচুর করছে না। এর পেছনে যারা কলকাঠি নাড়ছে তাদের খুঁজে বের করতে হবে।" শ্রমিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, "কারও অঙ্গুলির হেলনে যারা চলেন তারা শ্রমিক নেতা নন। আপনারা দায়িত্ব নেন, দায়িত্বশীল হন।" ভাংচুরের জন্য নির্দিষ্ট কাউকে ইঙ্গিত না করে বাণিজ্যমন্ত্রী বলেন, "যারা বাংলাদেশের উন্নতি চায় না, যারা আমাদের অর্থনৈতিক উন্নতি চায় না, কারখানা ভাঙার কারণে লাভ হচ্ছে তাদের। "শীতকালে ইউরোপের অর্ডার আসবে। এখানকার সোয়েটার ফ্যাক্টরি ভাংচুর করলে সে অর্ডার অন্যদিকে চলে যাবে। তখন মালিক-শ্রমিক উভয়ে ক্ষতিগ্রস্ত হবে।" প্রত্যেককে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে ফারুক খান বলেন, "যে ব্যক্তি ও গোষ্ঠী শ্রমিককে কারখানায় আগুন লাগাতে বলছে, তাদের ধরিয়ে দিন। আজ আপনাকে (শ্রমিক) লেলিয়ে দিচ্ছে, কাল তারা আপনার পেছনে লাগবে। "যে শ্রমিক, যে ষড়যন্ত্রকারী ফ্যাক্টরিতে আগুন লাগায় সে কখনো বেহেশতে যেতে পারবে না। যে আগুন লাগায় সে এ দুনিয়াতেও শেষ, ওই দুনিয়াতেও শেষ।" মালিকদের আরও শ্রমিকবান্ধব হওয়ার পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, "যত বড় পাজেরো, বিএমডব্লিউ গাড়ি চালান না কেন, একদিন কবরে যেতে হবে। সুতরাং এত টাকা করে লাভ নেই।" শ্রমিক মৃত্যুর দায় সবার- এ মন্তব্য করে ফারুক খান বলেন, "একজন শ্রমিক ভাইয়ের মৃত্যু মানে শ্রমিক নেতা, মালিক এবং সরকার সবার ব্যর্থতা।" পোশাক শিল্পের সঙ্গে পরোক্ষভাবে এক কোটি ও প্রত্যক্ষভাবে ৩০ থেকে ৩৫ লাখ মানুষ জড়িত জানিয়ে তিনি বলেন, "সুতরাং এ খাতকে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না।" বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, "ভাঙচুর জ্বালাও-পোড়াও করে কোনও সমাধান হবে না। মালিক-শ্রমিকের মধ্যে কোনও সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।" অনুষ্ঠানে তৈরি পোশাকশিল্পের মৃত ৩৭ শ্রমিকের পরিবারকে গ্র"প বীমার চেক হস্তান্তর, শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষবৃত্তি, শিক্ষা উপকরণ ও কর্মক্ষেত্রে দক্ষ কর্মীদের প্রশংসাপত্র প্রদান করেন ফারুক খান। বিজিএমইএ ভবনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও উদ্বোধন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/এমআই/১৫২০ ঘ.