ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের প্রথম কার্যদিবসে বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে লেনদেনের তিন তিনটি রেকর্ড হয়েছে।
এদিন লেনদেনে এক হাজার কোটি টাকার কোঠা ছাড়িয়ে যায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যা লেনদেনে নতুন রেকর্ড।
এদিন মোট ১ হাজার ১৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এটিও বন্দর নগরীর পুঁজিবাজারের নতুন রেকর্ড।
আর দুই বাজারে লেনদেনের সম্মিলিত যে অঙ্ক দাঁড়িয়েছে সেটিও এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। দুই বাজার মিলে বৃহস্পতিবার লেনদেন হয় মোট এক হাজার ৩১২ কোটি টাকার শেয়ার।
বুধবার পুঁজিবাজারে লেনদেন ছিল বন্ধ। তবে আগেরদিন মঙ্গলবারই ডিএসইতে রেকর্ড ভাঙা ৯৪২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
একইদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন একশ কোটি টাকা ছাড়ায়। সেদিন দুই পুঁজিবাজার মিলিয়ে মোট ১ হাজার ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। সেটিও ছিল রেকর্ড।
বাজার পর্যবেক্ষণে দেখা যায় ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ও বীমা খাতের শেয়ার ছিল বেশ চাঙ্গা। এসব প্রতিষ্ঠানের বদৌলতেই সূচকে উন্নতি হয়েছে আশাতীত।
'স্টক অ্যান্ড বন্ড' এর বিনিয়োগ পরামর্শক বশির আহমেদ বলেন, "করপোরেট ট্যাক্স কমানোর সরকারি সিদ্ধান্ত আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে।"
বৃহস্পতিবার ডিএসইতে সাধারণ মূল্য সূচক বা ডিজিইএন ৫৯ দশমিক ৪৪ পয়েন্ট বা এক দশমিক ৯৭ শতাংশ বেড়ে হয় ৩০৬৯ দশমিক ৭০।
সিএসইতে নির্দিষ্ট ক্যাটাগরির সূচক বা সিএসসিএক্স ১২০ দশমিক ২৭ পয়েন্ট বা এক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ৬৮৯২ দশমিক ৫০ পয়েন্ট হয়েছে।
এ অবস্থায় বিশেষজ্ঞরা বাজারে লেনদেনের এই তুঙ্গভাবের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এআইএমএস এর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, "লেনদেন বাড়ার এই ধারা অব্যাহত থাকলে কোনো সমস্যা নেই... তবে হঠাৎ করে লেনদেন বেড়ে যাওয়া বাজার স্থায়ী হবে না এমনটিই ইঙ্গিত করছে।"
লেনদেনের ধারা অব্যাহত রাখতে শেয়ারের যোগানও নিশ্চিত করতে হবে বলে জানান তিনি।
নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উপদেষ্টাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, "লেনদেন হাজার কোটি টাকার কোটা ছাড়িয়ে যাওয়ায় কর্তৃপক্ষ খুশী। হঠাৎ করে বাজারের এই ঊর্ধ্বগতিতে তাদের মধ্যে কোনো উদ্বেগ নেই।"
শিগগিরই পুঁজিবাজারে আরো বেশি করে কোম্পানি তালিকাভুক্ত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এএল/এসকে/১৮৪৫ঘ.
bdnews24