ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার তৈরি পোশাক শিল্প খাতে সহিংসতা দমনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার সংসদে স্বতন্ত্র সাংসদ ফজলুল আযীমের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আশুলিয়ায় গার্মেন্টস কারখানা পুড়িয়ে দেওয়ার ঘটনার উল্লেখ করে ফজলুল আযীম বলেন, তিন দিনব্যাপী ওই সহিংসতায় 'সন্ত্রাসীরা' জড়িত ছিল।
তিনি এ ধরনের সহিংসতা দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বাজেট বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান।
এর জবাবে অর্থমন্ত্রী বলেন, "গত কয়েক বছর ধরেই তৈরি পোশাক শিল্প খাতে সহিংসতা ঘটছে। সাধারণত দেখা যায়, লুকিয়ে থাকা সন্ত্রাসীরা বেরিয়ে আসে সরকারি দলে আশ্রয় পাওয়ার জন্য। তবে এ বিষয়ে আমরা সজাগ রয়েছি। আমরা গার্মেন্টস খাতে সহিংসতা দমন করবো।"
আর এজন্যই দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান মুহিত।
বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণারয়ের জন্য ৫,৮৭৯ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এইচএ/২২৩০ ঘ.
bdnews24