ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে মঙ্গলবার লেনদেনে নতুন রেকর্ড হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন ৯৪২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে বোমাতঙ্কের একদিন পর এবং বাজেট পাসের দিনই লেনদেনে নতুন রেকর্ড হলো। ঢাকার পুঁজিবাজারে লেনদেন এই প্রথম ৯শ কোটি টাকা ছাড়াল।
এর আগে গত ২১ জুন ৮৩৪ কোটি টাকা লেনদেনের রেকর্ড হয় ঢাকার পুঁজিবাজারে।
সংশ্লিষ্টরা বলছেন, অর্থবছরের শেষ দিনে সাধারণত লেনদেন বেশি হয়।
এইমস অব বাংলাদেশ নামের একটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সিইও ইওয়ার সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যা হওয়া উচিত তা-ই হয়েছে। ... গতকালের (সোমবার) বোমা হামলার হুমকি সত্ত্বেও বিনিযোগ বাড়ার এ লক্ষণ ইতিবাচক।"
অর্থবছরের শেষ দিন লেনদেন সাধারণত বাড়ে বলেও জানান তিনি।
সাইদ বলেন, "প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মঙ্গলবারের লেনদেনে বড় ধরনের ভূমিকা রেখেছেন। কেননা পোর্টফোলিও'র ভারসাম্যের জন্য তাদেরকে (অর্থবছরের) শেষ দিনে অনেক কেনাবেচা করতে হয়।"
ইওয়ার সাইদের সঙ্গে একমত পোষণ করে ডিএসইর সাবেক সিইও সালাহউদ্দিন আহমেদ খান বলেন, "শেষ দিনের লেনদেন হয় মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বেচাকেনার জন্য।"
কিছু কর হ্রাস ও বৃদ্ধিসহ বাজেট সংশোধনী বাজার চাঙ্গায় সহায়ক ভূমিকা রেখেছে বলেও মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই অধ্যাপক।
তিনি বলেন, "তবে এটা সত্যিই ভালো লক্ষণ যে বিনিয়োগকারীরা সন্ত্রাসীদের হুমকি আমলে নেয়নি।"
মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন একশ কোটি টাকা ছাড়ায়। সিএসইতে ১১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
গত ২৪ জুন বন্দরনগরীর পুঁজিবাজারে ১৬৩ কোটি টাকার রেকর্ড লেনদেন হয়।
মঙ্গলবার দুই পুঁজিবাজার মিলিয়ে মোট ১০৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এটিও একটি রেকর্ড। এক্ষেত্রে আগের রেকর্ড ছিল ৯৩০ কোটি টাকা, যা গত ২১ জুন হয়েছিল।
সোমবার বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে দুপুর সোয়া একটার দিকে ডিএসই'র লেনদেন বন্ধ করে দেওয়া হয়।
ডিএসই'র জনসংযোগ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা সোমবার জানান, বেলা সোয়া ১১টার দিকে একটি টেলিফোন কলে হুমকি দেওয়া হয় যে, ডিএসই ভবনে একটি বোমা রাখা আছে। তা শিগগিরই বিস্ফোরিত হবে।
এরপর বিকেলে ডিএসই'র জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুঁজিবাজার অস্থিতিশীল করতে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
ডিএসই-তে এ ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এজে/এমআই/১৭৩৭ ঘ.
bdnews24