সিলেট, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান রোববার ২০০৯-১০ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন।
প্রস্তাবিত ৩০৩ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার টাকার বাজেটে সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। গত অর্থবছরের বাজেট ছিল ৩৩২ কোটি ৯২ লাখ টাকার।
দুপুর ১২টার দিকে নগর ভবনে লিখিতভাবে বাজেট পেশ করেন তিনি।
প্রস্তাবিত বাজেটে নিজস্ব তহবিল থেকে ৬০ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার টাকা এবং প্রারম্ভিক স্থিতি থেকে আট কোটি ২০ লাখ টাকা আয় ধরা হয়েছে।
এ ছাড়া উন্নয়ন প্রকল্পে সরকারি অনুদান বাবদ ১৮৪ কোটি ৫০ লাখ টাকা এবং সরকারি বিশেষ মঞ্জুরি খাতে ৫০ কোটি টাকা আয় ধরা হয়েছে।
বাজেট বক্তৃতায় মেয়র বলেন, "বাজেটে নতুন কোনো কর আরোপের প্রস্তাব করা হয়নি। নাগরিকদের অধিকতর সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে।"
উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনায় সময়মত কর পরিশোধের জন্য নগরবাসীর প্রতি আহবান জানান তিনি।
এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন-অর রশীদ মোল্লা, কাউন্সিলর এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৯১২ ঘ.
bdnews24