২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকা সাদা করায় অর্থমন্ত্রীর আশা পূরণ নিয়ে সংশয় বিশ্বব্যাংকের

কালো টাকা সাদা করার প্রস্তাব রেখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে ফল আশা করছেন, তা নিয়ে সংশয় রয়েছে বিশ্বব্যাংকের। এ দাতা সংস্থাটি মনে করছে, এক্ষেত্রে অতীতের মতো এবারও আশানুরূপ সাড়া মিলবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 01:09 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো টাকা সাদা করার প্রস্তাব রেখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে ফল আশা করছেন, তা নিয়ে সংশয় রয়েছে বিশ্বব্যাংকের। এ দাতা সংস্থাটি মনে করছে, এক্ষেত্রে অতীতের মতো এবারও আশানুরূপ সাড়া মিলবে না। প্রস্তাবিত বাজেটের মূল্যায়ন করতে গিয়ে বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ জাহিদ হোসেন বৃহস্পতিবার তাদের সংশয়ের কথা জানান। শেরেবাংলা নগরে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাজেটের ভালো-মন্দ বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। সংস্থার বিদায়ী আবাসিক প্রতিনিধি শিয়েন জু-ও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবারই ছিল ঢাকায় তার শেষ অফিস। বিশ্বব্যাংক বলেছে, ২০০৯-১০ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার যে প্রস্তাব করা হয়েছে, তা আয়কর বাড়ানোর ক্ষেত্রে তেমন ইতিবাচক প্রভাব ফেলবে না। সরকার এ সুযোগ দেওয়ার মাধ্যমে বড় ধরনের কর পাওয়ার আশা করে থাকলে সেটাও ভূল হবে। বাজেটে প্রথমবারের মতো পিপিপি'র (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) মাধ্যমে অবকাঠামো খাতে বিনিয়োগের ক্ষেত্রে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে, তাতেও খুব বেশি লাভ হবে না বলে মনে করছে বিশ্বব্যাংক। কেন এবার কালো টাকা সাদা করার ক্ষেত্রে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাবে না- এ প্রশ্নের উত্তরে জাহিদ হোসেন বলেন, "অতীতের অভিজ্ঞতা থেকে আমরা এ মূল্যায়ন করেছি। বাংলাদেশে এর আগে নয় বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এই নয় বারে সবমিলিয়ে ১৮ হাজার কোটি টাকা সাদা হয়েছে। আর এর মাধ্যমে সরকার ট্যাক্স (কর) পেয়েছে মাত্র ১ হাজার ৪২০ কোটি টাকা।" তিনি জানান, এই ১ হাজার ৪২০ কোটি টাকার অর্ধেকের বেশি এসেছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে জরুরি অবস্থার সময়। জাহিদ হোসেন বলেন, "তখন ভয়ে অনেকে কালো টাকা সাদা করেছেন। এখন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার। ভয়-ভীতি কেটে গেছে। এ সব কারণেই এটা নিয়ে (কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে) আশাবাদী হওয়ার কারণ নেই।" কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াকে বিশ্বব্যাংক সমর্থন করে কিনা- এ প্রশ্নে জাহিদ হোসেন বলেন, "নৈতিকভাবে বিশ্বব্যাংক এটাকে সমর্থন করে না। তবে বিভিন্ন দেশ এ সুযোগ দিয়ে থাকে। কালো টাকা সাদা করার সুযোগ দিলে সৎ করদাতারা নিরুৎসাহিত হন।" বাজেটে অবকাঠামো খাতেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে পিপিপি'র মাধ্যমে সরকার এই অবকাঠামো খ্যাতের ব্যাপক উন্নয়নের প্রত্যাশা করছে। পিপিপি'র মাধ্যমে অবকঠামো খাতে কালো টাকা বিনিয়োগ হবে কিনা- এ প্রশ্নের উত্তরে বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ বলেন, "পিপিপি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এর মাধ্যমে কালো টাকা সাদা হওয়ার সম্ভাবনা খুবই কম।" গত ১১ জুন সংসদে ২০০৯-১০ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি আগামী ৩ বছর (২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত) কোনও প্রশ্ন ছাড়া কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন। এর আগে বিভিন্ন সরকার টাকা সাদা করার সুযোগ দিলেও এত দীর্ঘ সময় ধরে তা কখনও দেওয়া হয়নি। বাজেট পেশের পর থেকেই বিভিন্ন মহল থেকে টানা তিন বছর ধরে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাবের সমালোচনার ঝড় উঠেছে। এমনকি সরকারি দলের (আওয়ামী লীগ) সদস্যরাও জাতীয় সংসদে বাজেট আলোচনা এবং সংসদের বাইরে বিভিন্ন সভা-সেমিনারে সরকারের প্রস্তাবের সমালোচনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯০৮ ঘ.