২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: চুক্তির আগেই সম্ভাব্যতা যাচাই ও প্রাক-যোগ্যতা দরপত্র হবে

পদ্মা সেতু নির্মাণের জন্য দাতাদের সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষরের আগেই এর সম্ভাব্যতা ও প্রাক-যোগ্যতা যাচাই দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পদ্মা সেতু নির্মাণের জন্য দাতাদের সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষরের আগেই এর সম্ভাব্যতা ও প্রাক-যোগ্যতা যাচাই দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বুধবার বিশ্বব্যাংকের বিদায়ী আবাসিক প্রতিনিধি জিয়ান ঝু'র সঙ্গে বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "দাতাদের সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষরের পর পদ্মা সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হলে এ সরকারের সময় এই সেতু নির্মাণ শেষ করা সম্ভব হবে না। তাই ঋণ চুক্তি স্বাক্ষরের আগেই এর সম্ভাব্যতা ও প্রাক-যোগ্যতা যাচাই দরপত্র আহ্বান করা হবে।" এ ব্যাপারে দাতাদের রাজি করাতেও সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি ক্রয় নীতিমালায় (পিপিআর) তেমন কোন পরিবর্তন হয়নি। আবুল হোসেন বলেন, "বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন জিয়ান ঝু। এর ধারা হিসেবে তারা পদ্মা সেতু নির্মাণ এবং রেলওয়ে খাতের উন্নয়নে সহায়তা করার আশ্বাস দিয়েছে।" রেলখাতের উন্নয়নে বিশ্বব্যাংক নতুন লাইন স্থাপন, নতুন সার্ভিস চালু ও কম্পিউটারাইজ্ড অটোমেশন পদ্ধতি চালু করার ক্ষেত্রে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলেও মন্ত্রী জানান। এ সময় সড়ক ও রেলপথ বিভাগের অতিরিক্ত সচিব শফিক আলম মেহেদীও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/২১০১ঘ.