ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দা মোকাবেলায় ১৬ দফা সুপারিশ পেশ করেছে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
মঙ্গলবার সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এসব সুপারিশ তুলে ধরেন।
পাশাপাশি মন্দা মোকাবেলায় বিশেষ প্যাকেজ ঘোষণারও দাবি জানান তারা।
পরে বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের বলেন, "বিজিএমইএ-এর সুপারিশ পর্যালোচনা করে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।"
সুপারিশমালায় তৈরি পোশাক শিল্পখাতে সুদের হারের উপর ৫% ভর্তুকী প্রদান, তৈরি পোশাক শিল্পে শূন্য দশমিক ২৫% হারে উৎস আয়কর প্রত্যাহার, যতদিন পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি না ঘটে ততদিন ডিজেলের উপর প্রতি লিটারে ১০ টাকা হারে ভর্তুকী প্রদান, তৈরি পোশাক শিল্পে কর প্রত্যাহার, ডাউনপেমেন্ট ছাড়া ঋণ পুনঃতফসিলি করণের সময়সীমা সেপ্টেম্বর ২০০৯ থেকে ৩০ জুন ২০১০ পর্যন্ত বাড়ানো, রপ্তানিমুখী শিল্পে মূলধনী যন্ত্রপাতির উপর বিদ্যমান ১ শতাংশ শুল্ক প্রত্যাহার, কর অবকাশ সুবিধা ২০১৫ সাল পর্যন্ত বহাল রাখাসহ বিভিন্ন বিষয় রয়েছে।
দুপুরে বিজএমইএ-এর একই প্রতিনিধি দল আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন।
আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারা ২৭০ টি রুগ্ন শিল্পের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে দায়ের করা মামলা এবং রায় স্থগিতের আবেদন জানায়।
জবাবে আইনমন্ত্রী তাদের ঋণ আদালত আইন সংশোধন করে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না- তা বিবেচনা করার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এএল/এইচএ/১৮১৬ ঘ.
bdnews24