ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার বিষয়ক বিশেষ আদালত গঠনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বুধবার সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করে ডিএসই পরিচালনা পর্ষদের সভাপতি রকিবুর রহমান এ আবেদন জানান।
রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, "বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদের অভ্যন্তরীণ কোন্দলে বিনিয়োগকারীদের হয়রানি, মিউচুয়াল ফান্ডগুলোর লভ্যাংশ (ডিভিডেন্ট) দেওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা, ইচ্ছাকৃতভাবে ভালো কোম্পানিগুলোকে 'জেড' ক্যাটাগরিতে রূপান্তরসহ বিভিন্ন অনিয়ম দূর করতে এ আদালত গঠনের আবেদন জানানো হয়েছে।"
তিনি বলেন, "ইউসিডিএল এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানিসহ কয়েকটি কোম্পানির পরিচালনা পর্ষদের নিজস্ব কোন্দলের ফলে সাধারণ বিনিয়োগকারীরা হয়রানির শিকার হচ্ছে।
"তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সামগ্রিকভাবে পুঁজিবাজারের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে বিনিয়োগকারীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বছরের পর বছর পুঁজির বড় একটা অংশ আটকে থাকছে।"
ডিএসই সভাপতি বলেন, "এছাড়াও মিউচুয়াল ফান্ডগুলোর লভ্যাংশ না দেওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা এবং ভালো কোম্পানিকে 'জেড' ক্যাটাগরিতে রূপান্তর করায় পুঁজি বাজারে নানা রকম অনিয়ম দেখা দিয়েছে। এ সব সমস্যার সমাধানে আইনমন্ত্রীর কাছে আমরা এ বিষয়ে একটি বিশেষ আদালত গঠনের আবেদন করেছি।"
প্রস্তাবিত আদালত পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন আইন সংশোধন, পরিবর্তন এবং পরিবর্ধন করে পুঁজিবাজারকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন রকিবুর রহমান।
তিনি বলেন, "আইনমন্ত্রী এ বিষয়ে আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে তিনি বলেছেন, কিছু কিছু সমস্যা আদালতে না নিয়ে বরং নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে সমাধান করলে তাতে সব পক্ষই লাভবান হতে পারে।"
রকিবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের এ প্রতিনিধি দলে আরো ছিলেন পরিচালনা পর্ষদের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, শাকিল রিজভী, পরিচালক আব্দুল হক, এম এ কাইয়ূম, লাইলুন নাহার একরাম, মাসুদুল হক, নাসিরুদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/১৫২৬ ঘ.
bdnews24