২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারের তারল্য বৃদ্ধির চেয়ে শেয়ারের যোগান বাড়ানো জরুরি

শর্ত সাপেক্ষে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর চেয়ে ভালো মানের শেয়ারসহ রাষ্ট্রায়ত্ব কোম্পানির শেয়ার ছাড়া গুরুত্বপূর্ণ বলে অভিমত দিয়েছেন পুঁজিবাজার বিশেষজ্ঞরা। এ বাজারের সঙ্গে সংশ্লিষ্টদের দাবির মুখে ইতোমধ্যে সরকার বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগের শর্তে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 05:32 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

রোহান জিয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শর্ত সাপেক্ষে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর চেয়ে ভালো মানের শেয়ারসহ রাষ্ট্রায়ত্ব কোম্পানির শেয়ার ছাড়া গুরুত্বপূর্ণ বলে অভিমত দিয়েছেন পুঁজিবাজার বিশেষজ্ঞরা। এ বাজারের সঙ্গে সংশ্লিষ্টদের দাবির মুখে ইতোমধ্যে সরকার বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগের শর্তে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছে। ২০০৯-১০ অর্থবছরের জন্য প্রস্তাবিত ওই বাজেটে আগামী তিন বছরের জন্য কোনো প্রকার প্রশ্ন ছাড়াই অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দেওয়ার বিধান রাখা হয়েছে। এতে অপ্রদর্শিত অর্থের মালিকরা ১০ শতাংশ হারে কর পরিশোধ করে এবং পুঁজিবাজারসহ শিল্পখাতে বিনিয়োগের শর্তে কালোটাকা সাদা করতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন- এতে করে এ খাতে অনেকেই বিনিয়োগে আগ্রহী হয়ে উঠবেন। তবে দীর্ঘমেয়াদে কোনো সুফল আসবে না। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উপদেষ্টা কমিটির সদস্য আবু আহমেদ বলেন, "অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগের ফলে দেশের বাজার শক্তিশালী হয়ে উঠতে পারে। তবে তিন বছরের জন্য এ সুযোগ দেওয়ায় কালোটাকার মালিকরা এ মুহূর্তে অর্থ বিনিয়োগ নাও করতে পারেন। শেষ সময়ে গিয়েও তারা সুযোগটি নিতে পারেন।" এ কারণে সরকারের রাজস্ব বৃদ্ধি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়ে গেল বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে, পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ালেও এতে দেশের শিল্পায়নে কোনো সুফল আসবে না বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষক জায়েদ বখত। তিনি বলেন, "পুঁজিবাজার চাঙা হয়ে উঠলে সেকেন্ডারি মার্কেটের শেয়ার মালিকরা কিছুটা লাভবান হতে পারেন; তা শিল্পখাতে কোনো ভূমিকা রাখবে না।" তবে স্থানীয় শিল্পোন্নয়নে কাঁচামালের শুল্ক প্রত্যাহার শিল্পায়নে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন এই গবেষক। পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, কালোটাকা সাদা করার প্রক্রিয়ায় বাজারে বিনিয়োগের প্রবাহ বাড়লে শেয়ারের দামেরও ঊর্ধ্বগতি দেখা দেবে। ব্রোকারেজ হাউস স্টক অ্যান্ড বন্ডের বিনিয়োগ পরামর্শক বশির আহমেদ বলেন, "বাজারে কালোটাকা আসতে শুরু করলে শেয়ারের চাহিদা বেড়ে যাবে। আর শেয়ারের চাহিদা বেড়ে গেলে আমাদের মতো বাজারে দামও বেড়ে যায়।" বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ নয় বরং শেয়ার সরবরাহই মুখ্য বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান। তিনি বলেন, "কালোটাকা বিনিয়োগের কারণে বাজার চাঙা হয়ে উঠতে পারে... তবে বর্তমানে বাজারের জন্য যা প্রয়োজন তা হলো- নতুন এবং ভালো মানের শেয়ার।" বাজারে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আরো বেশি বেশি বেসরকারি প্রতিষ্ঠানের তালিকাভুক্তির ওপর গুরুত্বারোপ করেন এই সাবেক কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এইচএ/২৩২০ ঘ.