২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঘাটতি বাজেট সরকারকে ঋণ ও বিদেশ নির্ভর করবে'

এবারের ঘাটতি বাজেট সরকারকে ঋণ ও বিদেশ নির্ভর করে তুলবে বলে মনে করে গণতান্ত্রিক বাম মোর্চা। গণতান্ত্রিক বাম মোর্চায় ১০টি বাম দল রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 04:15 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের ঘাটতি বাজেট সরকারকে ঋণ ও বিদেশ নির্ভর করে তুলবে বলে মনে করে গণতান্ত্রিক বাম মোর্চা। গণতান্ত্রিক বাম মোর্চায় ১০টি বাম দল রয়েছে। শুক্রবার মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভার এক প্রস্তাবে বলা হয়েছে, "এবারের ঘাটতি বাজেট সরকারকে ঋণ ও বিদেশ নির্ভর করে তুলবে। তাছাড়া ঋণের সুদ পরিশোধে সর্বোচ্চ বরাদ্দ ও কালো টাকা সাদা করার সংবিধানবিরোধী পদক্ষেপের মাধ্যমে সরকারের দিন বদলের আসল চেহারা ফুটে উঠেছে।" রাজধানীর তোপখানা রোড়ে মোর্চার সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে এ সভা হয়। সভায় আরও বলা হয়, বাজেটে দারিদ্র্য বিমোচনের নামে সাম্রাজ্যবাদী দাতা সংস্থার পরামর্শে যেসব কর্মসূচির কথা বলা হয়েছে, তা দরিদ্র জনগণকে স্থায়ীভাবে দারিদ্র্যের চক্রে বেধে ফেলবে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে গত বছরের তুলনায় বরাদ্দ কমানোরও সমালোচনা করা হয় সভায়। প্রস্তাবিত বাজেটে পিপিপির নামে মুনাফার উদ্দেশ্যে সেবা খাত বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করে প্রস্তাবে বলা হয়, বেসরকারি অংশীদারিত্ব দেশি না বিদেশি তা উল্লেখ না থাকায় সেবা খাতে সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানির অনুপ্রবেশকে এ বাজেট উৎসাহিত করবে। প্রস্তাবে আরও বলা হয়, কৃষি তথা গ্রামীণ অর্থনীতিতে বরাদ্দ বৃদ্ধির ঢাক-ঢোল পিটানো হলেও বাস্তবে কৃষক, ভূমিহীন ক্ষেতমজুর তথা গ্রামীণ শ্রমজীবীরা কীভাবে বরাদ্দ পাবে- বাজেটে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। স্থায়ী কর্মসংস্থানেরও কোনো পরিকল্পনা রাখা হয়নি প্রস্তাবিত বাজেটে। সভায় অন্যান্যের মধ্যে মোর্চার নেতা সাইফুল হক, টিপু বিশ্বাস, আব্দুস সালাম, শহীদুল ইসলাম সবুজ, পাঠক লাল গোলদার, কামরুল ইসলাম সবুজ ,জুনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আহবায়ক খালেকুজ্জামান এক বিবৃতিতে প্রস্তাবিত বাজেটের সমালোচনা করেছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ''বর্তমান সরকার দিন বদলের কথা বলে এবারেও সংবিধান লঙ্ঘন ও নৈতিকতার স্খলন ঘটিয়ে বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব করেছে।" বৃহস্পতিবার সংসদে ২০০৯-১০ অর্থবছরের জন্য এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম এ বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৩৪ হাজার ৩৫৮ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এইচএ/২২২৩ ঘ.